সুন্দরবনে অপহূত নয় জেলে উদ্ধার, পাঁচটি ট্রলার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে শরণখোলা রেঞ্জের কটকার খড়ির খাল থেকে গত শুক্রবার সন্ধ্যায় অপহূত নয় জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাঁচটি ট্রলার জব্দ করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন আলতাফ হোসেন, জসীম উদ্দিন, সৈয়দ আহমেদ, দিদার হাওলাদার, কামরুল ইসলাম, জাফর, জাকির খান, শাহ আলম ও রহমান মিয়া। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলা, রায়েন্দা এবং বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর মহিপুর এলাকায়।
মংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. এমদাদ জানান, ১৬ আগস্ট রাতে বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকা থেকে প্রায় অর্ধশত জেলেকে অপহরণ করে বনদস্যু রেজাউল বাহিনী। মুক্তিপণের দাবিতে অপহরণের পর জেলেদের কটকার খাড়ির খাল ও দুধমুখী এলাকায় আটকে রাখে দস্যুরা। অপহূত জেলেদের উদ্ধারে গত শুক্রবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খড়ির খাল এলাকায় অভিযান চালান কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা। এ সময় দস্যুরা অভিযানকারীদের দেখতে পেয়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দস্যুদের হাতে জিম্মি নয় জেলে ও পাঁচটি ট্রলার উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ড দস্যু বাহিনীর একটি আস্তানা গুঁড়িয়ে দিয়ে মুঠোফোন অ্যান্টেনা, ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করে।
এদিকে শরণখোলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, রেজাউল বাহিনীর কাছে এখনো কমপক্ষে ২৫ জেলে জিম্মি রয়েছেন।