সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
মুক্তিপণের দাবিতে অপহরণ করে সুন্দরবনের গহিনে তিন দিন আটকে রাখা ১১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় বনদস্যুদের ব্যবহৃত পাঁচটি নৌকা, তিনটি পাইপগান ও ৬৪ রাউন্ড গুলি উদ্ধার করে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পশ্চিম সুন্দরবনের মাদার নদীর নুজখালী খাল থেকে তাঁদের উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের মিজানুর গাজী (২৮), জাহাঙ্গীর গাজী (৩২), হরিনগর গ্রামের আফসার আলী (৩৩), নাজমুল হোসেন (২৫), মাজেত আলী মোড়ল (৩২), মুজিবর শেখ (২৭), আমিনুর রহমান (৩০), ওমর ফারুক (২৮), রফিকুল ইসলাম (৩৫), যতীন্দ্রনগর গ্রামের ওহিদুল ইসলাম (৩০), মুন্সিগঞ্জ গ্রামের জাহাঙ্গীর আলম ((৩০)।
জেলে নাজমুল হোসেন ও মুজিবর শেখ বলেন, গত বুধবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে তাঁরা সাতটি নৌকায় করে সুন্দরবনের নদীতে কাঁকড়া শিকারে যান। শনিবার বিকেলের দিকে ২০-২৫ জনের একদল সশস্ত্র বনদস্যু মাদার নদীতে তাঁদের নৌকাগুলো আটক করে। এ সময় তারা ১১ জন জেলেকে নৌকা থেকে তুলে নিয়ে যায়৷ এ সময় তারা বলে যায়, পাঁচ দিনের মধ্যে মাথাপিছু ২০ হাজার করে টাকা না দিলে তাঁদের ছাড়া হবে না৷
ওই দুই জেলে আরও বলেন, গতকাল বেলা দেড়টার দিকে তিনজন দস্যুকে তাঁদের পাহারায় রেখে বনদস্যু দলের অন্য সদস্যরা সুন্দরবনের আরেক এলাকায় যায়। এ সময় তাঁরা ১১ জন কৌশলে তিন বনদস্যুকে আটক করে লোকালয়ে খবর দেন। এ খবর অন্য জলদস্যুরাও জেনে যায় এবং তিন সঙ্গীকে উদ্ধারের জন্য আশপাশের এলাকায় চলে আসে৷ এ সুযোগে তিনজন অস্ত্র ফেলে পালিয়ে যায়৷ পরে কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে৷
শ্যামনগরের কৈখালী কোস্টগার্ডের পেটি অফিসার নবীর হোসেন বলেন, তাঁরা অন্য জেলেদের সহযোগিতায় ১১ জেলেকে উদ্ধার করেন৷ এ সময় তিনটি পাইপগান ও ৬৪টি গুলি উদ্ধার করা হয়।