সুন্দরবনে অস্ত্রসহ সাত হরিণ শিকারি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কালাবগী এলাকা থেকে তিনটি বিদেশি বন্দুক, ৫৩টি কার্তুজ, একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ও দুটি হরিণের ৮টি পা’সহ সাতজন শিকারিকে আটক করেছে।

গতকাল রোববার গভীর রাতে তাঁদের আটক করা হয়। আজ সোমবার বন আইনে মামলা করে তাঁদের আদালতে চালান দেওয়া হয়। আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) নিয়ে সাতজন লোক সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে হরিণ শিকার করছেন বলে তাঁরা খবর পান। পরে বন বিভাগের চারটি দল তাঁদের ধরতে অভিযান শুরু করে। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে ধাওয়া করে সুন্দরবনের শিবসা নদীর কালাবগীর খালের মুখে তাঁদের ট্রলারটি আটক করা হয়।

তৌফিকুল ইসলাম আরও বলেন, বন বিভাগের কর্মকর্তা ও বনপ্রহরীরা ওই ট্রলারে তল্লাশি করে তিনটি বিদেশি বন্দুক, ৫৩টি তাজা কার্তুজ, দুটি হরিণের আটটি পা’সহ সাতজনকে আটক করে। বন বিভাগের লোকজনের ধাওয়ার মুখে ট্রলারে থাকা শিকারিরা হরিণের মাংস ও চামড়া ফেলে দেন। হরিণের কাটা পা ট্রলারে থেকে যায়।

আটক ব্যক্তিরা হলেন দাকোপ উপজেলার কাঁকড়াবুনিয়ার মামুনুর রশীদ, একই  উপজেলার নলডাঙ্গা গ্রামের কোরবান গাজী, দাকোপের চালনার ইউপি সদস্য সাহাবুদ্দিন মোল্লা, দাকোপের খোনা গ্রামের নুরুল ইসলাম শেখ, দাকোপের নলিয়ানের খোকন গাজী, দাকোপের কালাবগীর দলিল বৈদ্য ও খুলনা নগরের দক্ষিণ টুটপাড়ার জিয়াউল ইসলাম।