সুন্দরবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ঘুলিসাখালী ক্যাম্পসংলগ্ন বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে বনে আগুন ধরে। রাত নয়টার দিকে বনবিভাগের কর্মীদের চেষ্টায় এ আগুন নিভিয়ে ফেলা হয়।

পূর্ব সুন্দরবনের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. সুলতান জানান, বিকেল পাঁচটার দিকে ঘুলিসাখালী ক্যাম্পের বাইশের চিলা ও পয়ষট্টি চিলার মাঝামাঝি বনের প্রায় এক একর এলাকাজুড়ে থাকা বলাবাগানে এ অগ্নিকাণ্ড হয়। ওই এলাকায় ছোট ছোট বলা গাছ ছিল বলে আগুন বেশি দূর ছড়িয়ে পড়তে পারেনি।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী জানান, খবর পেয়ে বনবিভাগের ৬০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তিনি বলেন, প্রায় এক একর জায়গার কিছু ছোট ছোট বলা গাছ পুড়ে যাওয়া ছাড়া বনের আর তেমন কোন ক্ষতি হয়নি।
আমীর হোসাইন আরও জানান, বনজীবীদের রান্না করা কাঠের আগুন বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাঁরা ধারনা করছেন।