সুন্দরবনে আগুনে পুড়েছে গাছ লতা
পূর্ব সুন্দরবনের নাংলী এলাকায় গত রোববার রাতে অগ্নিকাণ্ডে বেশকিছু এলাকার লতা, গুল্ম ও বলাগাছ পুড়ে গেছে। বনবিভাগ ও ফায়ার সার্ভিস সূত্র এ কথা জানিয়েছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে রোববার রাত আটটার দিকে জেলেদের ফেলা বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকেই এ আগুনের সূত্রপাত। আগুন লাগার পর রাতেই বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দুর্গম পথ ও অন্ধকারের কারণে রাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। সকাল থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয় বনবিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।
বেলায়েত হোসেন বলেন, আগুনে বনের প্রায় ১ দশমিক ৬৬ একর জায়গার লতা, গুল্ম²ও কিছু বলাগাছ পুড়ে যায়। এই স্থানে বছর দুই আগেও আগুন লেগেছিল। জায়গাটিতে বড় কোনো গাছ না থাকায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।