সুন্দরবনে আবার আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের ধানসাগর এলাকায় আবার আগুন লেগেছে। সূর্যের প্রচণ্ড তাপে আজ বুধবার বেলা ১১টার দিকে লাগা আগুন বনের বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

এর আগে গত ২৭ মার্চ একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্পের আবদুল্লার টিলা এলাকায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে বনপ্রহরী ও ফায়ার সার্ভিস কাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত কমিটি গঠনসহ অবস্থা বুঝে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এর আগে ২৭ মার্চ একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

২০১৪ সালের ২২ মে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ঘুলিসাখালী ক্যাম্পসংলগ্ন বাইশের চিলা ও পঁয়ষট্টি চিলার মাঝামাঝি বনের প্রায় এক একর এলাকাজুড়ে থাকা কলাবাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিন দিন চেষ্টার পর বনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল।