সুন্দরবনে আবার আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের ধানসাগর এলাকায় আবার আগুন লেগেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। বনের প্রায় তিন একর এলাকাজুড়ে তা ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা দুইটায় ঘটনাস্থলে পৌঁছান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বিকেল সাড়ে চারটার দিকে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জলিল শিকদার বলেন, বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করছে। বাতাসের গতি বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আগুন প্রায় তিন একর জায়গায় ছড়িয়ে পড়েছে। যাতে আর ছড়াতে না পারে, সে জন্য নালা কেটে পানি ঢালা হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে চাঁদপাই রেঞ্জের নাংলী ক্যাম্পের আবদুল্লার টিলা এলাকায় এ আগুন লাগে। এর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত ২৭ মার্চ একই এলাকায় অগ্নিকাণ্ড ঘটে।