সুন্দরবনে আবার আগুন
সুন্দরবনে আবার আগুন লেগেছে। গত মঙ্গলবার বিকেলে বনকর্মীরা সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্পের অন্তর্গত ২৫ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় বনের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখে আগুনের সন্ধান পান। দমকল বাহিনীর সহযোগিতায় বনকর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। মৌয়ালদের ফেলে যাওয়া মশালের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে বন বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে।আগুনের ঘটনা তদন্তের জন্য সুন্দরবন পূর্ব বিভাগের সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) খলিলুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। এই তদন্ত দলের অপর দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (রেঞ্জার) মো. সাহাবুদ্দিন এবং ধানসাগর স্টেশন কর্মকর্তা আবদুল খালেক। ঘটনাস্থলের নিকটবর্তী ধানসাগর এলাকার কয়েকজন গ্রামবাসী জানান, এই আগুনে বনের অন্তত পাঁচ একর জায়গার বিভিন্ন গাছপালা পুড়ে গেছে। তাঁরা জানিয়েছেন, গতকাল বুধবার বিকেলেও ঘটনাস্থল থেকে তাঁরা ধোঁয়া উঠতে দেখেছেন।তবে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে গতকাল ঘটনাস্থল থেকে জানান, দমকল বাহিনীর সহযোগিতায় বনকর্মী ও স্থানীয় শ্রমিকেরা আগুন নিভিয়ে ফেলেছেন। আগুন যাতে আর জ্বলতে না পারে, সে জন্য ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরের মরা ভোলা নদী থেকে পানি এনে এলাকা ভিজিয়ে দেওয়া হচ্ছে। তিনি জানান, আগুন আবার জ্বলে উঠতে পারে। এ জন্য বন বিভাগের কর্মীদের সারা রাত সেখানে পাহারায় থাকার জন্য বলা হয়েছে। তিনি জানান, আগুনে বনের প্রায় দুই একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে ঝোপজাতীয় বলা ও সিংড়া এবং বিভিন্ন প্রজাতির লতাগুল্ম ছাড়া বড় তেমন কোনো গাছ নেই। ১০ বছরে ১২ বার: সুন্দরবন পূর্ব বিভাগ সূত্রে জানা গেছে, ভোলা নদী ভরাট হয়ে শুকিয়ে যাওয়ায় ওই নদীসংলগ্ন সুন্দরবনের বড় একটি এলাকাজুড়ে নিচু বিল অঞ্চল তৈরি হয়েছে। বর্ষাকালে এখানে পানি জমে। বনের ঝরা পাতা ওই পানির সঙ্গে মিশে পচে একটি পুরু স্তর তৈরি হয়। প্রতিবছর ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে ওই শুকনো ও পচা পাতার স্তরে মিথেন গ্যাস জমে। এ সময় অসাবধান বনজীবীদের বিড়ি-সিগারেট, মধু আহরণের মশাল বা রান্নার আগুন থেকে ওই পচা পাতার স্তরে আগুন ধরে যায়।বন বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, ২০০১ সালে সুন্দরবন পূর্ব বিভাগের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ২০১০ সাল পর্যন্ত এখানে অন্তত ১১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার আবারও বনে আগুন জ্বলে উঠল।