সুন্দরবনে আবারও আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এক বছরের পূর্ব সুন্দরবনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি নাশকতামূলক কি না, তা তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ।

আগুন নিয়ন্ত্রণে আনতে বিকেল পর্যন্ত বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তাঁদের সহযোগিতা করছে শরণখোলা উপজেলার বনসংলগ্ন উত্তর রাজাপুর গ্রামের দুই-তিন শ লোক। সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

আগুন নেভানোর কাজে অংশ নেওয়া স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন খান বলেন, সকাল ১০টার দিকে তাঁরা সুন্দরবনে আগুন লাগার খবর পান। পরে এলাকার দুই‍-তিন শ লোক নিয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা কলস-বালতি নিয়ে আবদুল্লাহর ছিলায় পাশের খাল থেকে পানি নিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুন যাতে বনের ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ঘটনাস্থলের চারপাশে ফায়ার লেন কেটে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন তাঁরা। বেলা দুইটার দিকে ডিএডি মাসুদ শেখের নেতৃত্বে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সন্ধ্যায় তিনি বলেন, এখনো মাঝেমধ্যে বন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।

আগুনে প্রায় তিন একর বনের ছোট গাছপালা ও লতাগুল্ম পুড়েছে বলে আগুন নেভানোর কাজে অংশ নেওয়া প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন। তবে বন বিভাগ দাবি করেছে, দুই একর জায়গা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মেহেদীজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। বনকর্মীদের পাশাপাশি স্থানীয় কয়েক শ মানুষ কলস-বালতি নিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন। দুপুরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে আগুন লাগার নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হবে।

এর আগে গত বছরের ২৭ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনভুক্ত নাংলী ক্যাম্প-সংলগ্ন পচাকোড়ালিয়া, টেংরা ও তুলাতুলী বিলের মিঠা পানির মাছ আহরণ ও জাল পাতার স্থানগুলো পরিষ্কার করতে দুর্বৃত্তরা চার দফায় পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় ১৮ জনকে আসামি করে শরণখোলা থানা ও বাগেরহাট আদালতে তিনটি মামলা করে বন বিভাগ। এবারও সেই একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একে নাশকতা বলে সন্দেহ করছেন এলাকাবাসী ও বন বিভাগের লোকজন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মেহেদীজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।