সুন্দরবনে আর্ট ক্যাম্প শুরু
দেশবরেণ্য ৪০ জন চিত্রশিল্পীকে নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনে চার দিনের আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাব এইড ফাউন্ডেশন এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে।
ল্যাব এইড ফাউন্ডেশন সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন রকম ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য ল্যাব এইড গড়ে তোলে ল্যাব এইড ফাউন্ডেশন। দেশের প্রথিতযশা শিল্পীদের ক্যানভাসে রং-তুলির স্পর্শে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য ২০০৯ সাল থেকে এ প্রতিষ্ঠান আয়োজন করে আসছে আর্ট ক্যাম্পের।
কেন এমন উদ্যোগ, তা জানতে চাইলে ল্যাব এইডের সহকারী মহাব্যবস্থাপক ও ক্যাম্পের সমন্বয়কারী সাইফুর রহমান জানান, হাসপাতালের শূন্য দেয়ালগুলো দৃষ্টিনন্দন করে তোলার জন্য প্রথমত এই উদ্যোগ গ্রহণ করা হয়, যেন হাসপাতালে এসে রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালের শূন্য দেয়াল দেখে বিমর্ষ না হয়ে যান। শিল্পীদের দৃষ্টিনন্দন চিত্র দেখে প্রতিদিনের দর্শনার্থী ও রোগীরা যেন হৃদয়ে একধরনের শান্তি ও স্বস্তিবোধ করেন। এটি আধুনিক চিকিৎসাবিজ্ঞানেরই একটি ভিন্নরূপ থেরাপি বা সেবা।
গতকাল বিকেলে সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় শিল্পীদের বহনকারী লঞ্চে শিল্পীদের হাতে রং-তুলির ব্যাগ তুলে দিয়ে অনাড়ম্বর আনুষ্ঠানিকতা সারেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। আর্টক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে আছেন সমরজিৎ রায়চৌধুরী, হামিদুজ্জামান খান, আবুল মনসুর, রেজাউল করিম, আব্দুল মান্নান, আবুল বারাক আলভী, বীরেন সোম, নিসার হোসেন, ফরিদা জামান, নায়লা নাজলিন মনসুর, বিপুল শাহ প্রমুখ। এবারে দেশের সেরা ৪০ জন চিত্রশিল্পীকে নিয়ে সুন্দরবনে আর্ট ক্যাম্পের উদ্দেশ্য অবশ্য ভিন্ন। সাইফুর রহমান জানান, আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের আঁকা ছবিগুলো নিয়ে ঢাকার কোনো খ্যাতনামা গ্যালারিতে প্রদর্শনীর মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। এরপর বিক্রয়লব্ধ অর্থ গরিব ও দুস্থ রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে।
নিসার হোসেন বলেন, ‘নিঃসন্দেহে ল্যাব এইডের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আর আমরা শিল্পীরা ঢাকার নির্দিষ্ট পরিমণ্ডলে ছবি আঁকতে আঁকতে ক্লান্ত। একসঙ্গে সবাই মিলে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে ছবি আঁকার অনুভূতিটাই অন্য রকম।’
বিপুল শাহ বলেন, ‘ইদানীং প্রতিষ্ঠানগুলোর শিল্পের প্রতি একধরনের ভালোবাসা তৈরি হয়েছে, এটি খুবই ইতিবাচক। শিল্প তো সবার জন্য। আর আমাদের গর্ব, সুন্দরবনকে যারা বিভিন্নভাবে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের ছবিতেই চলে আসবে। আমরা সুন্দরবনকে পরম সুন্দর হিসেবেই দেখতে চাই।’