সুন্দরবনে এক যুগে ৩২টি বাঘের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে গত এক যুগে ৩২টি রয়েল বেঙ্গল টাইগার মারা গেছে। এর মধ্যে লোকালয়ে ঢুকে পড়ায় গ্রামবাসীর পিটুনিতে ১২টি এবং শিকারিদের হামলা, বার্ধক্যজনিতসহ নানা কারণে বাকিগুলো মারা গেছে। একই সময়ে বাঘের আক্রমণে ২৬০ জন মারা যায়। তাদের অধিকাংশই বনজীবী। সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগের সংরক্ষিত নথি থেকে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল সোমবার ছিল বিশ্ব বাঘ দিবস। বাংলাদেশসহ রয়েল বেঙ্গল টাইগার আছে এমন দেশগুলোতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বিশ্ব বাঘ সমেঞ্চলনে এই দিবস পালনের সিদ্ধান্ত হয়। বাঘ রক্ষায় গণসচেতনতা সৃষ্টি, বাঘের আক্রমণ থেকে বনসংলগ্ন এলাকার মানুষের জান-মাল রক্ষা এবং লোকালয়ে আসা বাঘ রক্ষায় বাংলাদেশ সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন সংশোধন করে বাঘ হত্যার অপরাধে শাস্তি ও অর্থদণ্ড বাড়ানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী জানান, ২০০১ সাল থেকে চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত সুন্দরবন পূর্ব বিভাগে ১৭টি বাঘ মারা গেছে। এ সময় এ বিভাগে বাঘের আক্রমণে একজন নারীসহ ২৬ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ১৪ জন সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলার, ছয়জন মংলার, একজন রামপালের এবং অপর পাঁচজন খুলনার দাকোপ, পাইকগাছা ও বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। মংলা ও শরণখোলা উপজেলার লোকালয়ে ঢুকে পড়ায় চারটি বাঘকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। স্বাভাবিক মৃত্যু হয় চারটি বাঘের। একটি বাঘ ২০০৭ সালের ১৫ নভেম্বরের সিডরের জলোচ্ছ্বাসে মারা যায়। বাকি আটটি বাঘ শিকারিদের হামলায় নিহত হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও জহির উদ্দিন আহমেদ জানান, এক যুগে এ বিভাগে বাঘের আক্রমণে ২৩৪ জন নারী ও পুরুষ নিহত হয়। তাদের অধিকাংশই বনজীবী। একই সময়ে এ বিভাগে ১৫টি বাঘ মারা যায়। এর মধ্যে লোকালয়ে ঢুকে পড়ায় মানুষের পিটুনিতে নিহত হয় আটটি।

সুন্দরবন সার্কেলের বণ্য প্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের ইয়াসিন নেওয়াজ জানান, ২০০৪ সালে পায়ের ছাপ গণনা পদ্ধতিতে করা শুমারি অনুযায়ী, সুন্দরবনে ৪৪০টি বাঘ আছে। তবে এ বনে বাঘের সংখ্যা প্রকৃতপক্ষে আরও কম বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।