সুন্দরবনে কীটনাশক ছিটিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের খাল ও নদ-নদীতে কীটনাশক দিয়ে অবাধে মাছ ধরা চলছে। বনের গহিনে বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা মরে ভেসে উঠছে। কীটনাশক মেশানো পানি পান করে বাঘের লিভার সিরোসিস এবং হরিণ ও অন্যান্য বন্য প্রাণী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। বন বিভাগসহ সাধারণ জেলেদের একাধিক সূত্র জানায়, ইলিশ মৌসুমে (মে-সেপ্টেম্বর) মাছ ধরার নামে জেলে নামধারী দুর্বৃত্তরা বন বিভাগের পাস নিয়ে, আবার কেউ পাস ছাড়াই ঢুকে পড়ছে গহিন বনে। দুর্বৃত্তরা অল্প পরিশ্রমে বেশি মুনাফা লাভের আশায় বনে ঢোকার সময় নৌকায় লুকিয়ে ডায়াজিনন, রিপকর্ড, ফাইটার, মার্শাল, ওস্তাদ ও ক্যারাটে-জাতীয় কীটনাশক নিয়ে যায়। জোয়ার আসার কিছু আগে কীটনাশক ছিটায়। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এসব মাছ ধরে তারা লোকালয় বা বিভিন্ন বাজারে বিক্রির জন্য সরবরাহ করে। মংলার কৃষি কর্মকর্তা নারায়ণ চন্দ্র কুণ্ডু জানান, এসব কীটনাশক মূলত ধানসহ বিভিন্ন শাকসবজির খেতে কীটপতঙ্গ মারার কাজে ব্যবহার করা হয়। এগুলো খুবই বিষাক্ত।বন বিভাগ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে দিনের পর দিন এ কর্মকাণ্ড চালিয়ে আসছে। তবে চাঁদপাই রেঞ্জে মৎস্যদস্যুদের অপতৎপরতা বেশি। এই রেঞ্জের জোংড়া, ঢাংমারী, বৈদ্যমারী, জয়মনী, কাটাখালী, জিউধরা, নন্দবালা, ঘাগরামারী, হারবাড়িয়া, শুয়ারমারা, হরিণটানা, নলবুনিয়া, আন্ধারমানিক, মরাপশুর, ঝাঁপসি, লাউডোব ও সংলগ্ন নলিয়ান রেঞ্জের কালাবগী, ঝনঝনিয়া, হলদিখালী, টেংরামারী, ভদ্রা, কোরামারীসহ বনের আশপাশের এলাকার বিভিন্ন খাল ও নদীতে অবাধে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বনজীবী অভিযোগ করেন, বনের সংশ্লিষ্ট ক্যাম্পের বনরক্ষীদের নির্দিষ্ট হারে টাকা দিয়ে দুর্বৃত্তরা এ কাজ করছে। তবে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহাবুদ্দিন বলেন, ‘এ অভিযোগ ভিত্তিহীন। যারা এভাবে মাছ ধরে, তারা অবৈধভাবেই বনে প্রবেশ করে।’ সরেজমিনে দেখা গেছে, চাঁদপাই রেঞ্জের করমজল স্টেশনের ট্যুরিস্ট খালের তিনটি ঘাটে মাছ ধরেন ঢাংমারীর হবি, নলবুনিয়া ও করমজলের মূল খালের দুটি ঘাটে মাছ ধরেন দক্ষিণ কানাইনগরের ভক্ত বিশ্বাস। জংড়া কার্যালয়সংলগ্ন খালের ১৭টি ঘাটে মাছ ধরেন ঢাংমারীর ওমর, চিলার উলুকাটা গ্রামের মনা ও চিলার সুন্দরতলা গ্রামের সামাদ। আন্ধারিয়া খালের আটটি ঘাটে মাছ ধরেন বাঁশতলার মাহাতাব, চিলা গ্রামের পল্টু বৈরাগী ও উলুকাটা গ্রামের জামাল। মরাপশুর খালের নয়টি ঘাটে মাছ ধরেন জিয়া, আউয়াল, গোলাম, মজিবর ও বৈশাল আলম। তাঁদের নিয়ন্ত্রণে থেকে জেলে নামধারী দুর্বৃত্তরা কীটনাশক দিয়ে মাছ ধরে বলে অভিযোগ রয়েছে। সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, কীটনাশক প্রয়োগে মাছ ধরা নিয়ে গত তিন বছরে ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, মাছে বিষ বা কীটনাশক দিয়ে ধরা হলো কি না, তা পরীক্ষা করার কোনো ব্যবস্থা বন বিভাগের নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট বাংলাদেশের প্রধান নির্বাহী আনোয়ারুল ইসলাম বলেন, কীটনাশক প্রয়োগের ফলে পানির মধ্যে থাকা সব মাছ ও পোনা নির্বিচারে মারা পড়ছে; যা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি। বিষমিশ্রিত পানি খেয়ে সুন্দরবনের বাঘ, হরিণসহ বিভিন্ন প্রাণী জটিল রোগে আক্রান্ত হচ্ছে। সাম্প্রতিককালে বাঘের লিভার সিরোসিস রোগে আক্রান্ত হওয়ার এটি অন্যতম একটি কারণ।