সুন্দরবনে কীটনাশক দিয়ে চলছে মাছ শিকার, আটক ৪
সুন্দরবন পূর্ব বিভাগের বিভিন্ন খালে কীটনাশক দিয়ে চলছে মাছ শিকার। ফলে সুন্দরবনে দেশি প্রজাতির বিভিন্ন মাছসহ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।গত দুই দিনে চাঁদপাই রেঞ্জের অধীন দুটি খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় বনকর্মীরা ২০ কেজি চিংড়ি ও দুই বোতল কীটনাশকসহ চারজন অবৈধ মাছশিকারিকে আটক করেছেন। বন বিভাগ সূত্র জানায়, নৌযানসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে বনকর্মীরা এসব অবৈধ মাছশিকারিকে প্রতিরোধ করতে পারছেন না। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহাবুদ্দিন বলেন, গতকাল রোববার সকালে বনকর্মীরা মৃগমারী খাল থেকে এক শিশি ‘রিপকড’সহ হাফিজুল শেখ ও নয়ন হাওলাদার নামে দুই ব্যক্তিকে আটক করেন। তাদের বাড়ি মংলার বৈদ্যমারী গ্রামে। এর আগে শনিবার দুপুরে নন্দবালা ক্যাম্পের অধীনে সূর্যমুখী খাল থেকে প্রায় ২০ কেজি চিংড়ি ও এক শিশি ‘রিপকড’সহ মিরাজ শেখ ও ইরাজ শেখ নামের দুই সহোদরকে আটক করা হয়। তাদের বাড়ি মংলার জয়মনির ঘোল গ্রামে। তাদের বিরুদ্ধে বন আইনে দুটি মামলা করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সালের জুলাই মাস থেকে গতকাল রোববার পর্যন্ত এক বছরে কীটনাশক দিয়ে মাছ ধরার ঘটনায় ৩১ ব্যক্তিকে আটক করেছেন বনকর্মীরা। তাদের কাছ থেকে কীটনাশকসহ বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ মণ মাছ উদ্ধার করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের লোকালয়সংলগ্ন বনে শতাধিক খাল রয়েছে। এসব খালে বৈধ ও অবৈধ শিকারিরা প্রতিনিয়ত কীটনাশক দিয়ে মাছ শিকার করছেন। এই অবস্থা প্রতিরোধ না করা গেলে শিগগিরই সুন্দরবনের ম ৎ স্যসম্পদ অপূরণীয় ক্ষতির শিকার হবে।কয়েকজন জেলে বলেন, অল্প সময়ে অধিক মাছ শিকারের জন্য এক শ্রেণীর মাছশিকারি ভরা জোয়ারের সময় খালের ভাটির দিকে জাল পেতে দেয়। ভাটা শুরু হলে তারা উজানের দিকে খালের পানিতে কীটনাশক ঢেলে দেয়। এতে খালের পানিতে অক্সিজেন কমে যায়। ফলে মাছ খালের চরায় উঠে পড়ে। ভাটিতে পানি নেমে গেলে তারা মাছ সংগ্রহ করে নেয়। আর খালে পড়ে থাকা বিভিন্ন প্রজাতির মাছের পোনা এবং চিংড়ির রেণু ধ্বংস হয়ে যায়। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত এভাবে মাছ শিকারের প্রবণতা বেড়ে যায়।বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্লান্ট প্রটেকশন ইন্সট্রাক্টর মোকলেছুর রহমান বলেন, পানিতে অক্সিজেনের মাত্রা কমাতে সক্ষম তিন গ্রুপের কীটনাশক বাজারে পাওয়া যায়। এগুলো হচ্ছে: ফেনথিয়ন, সাইফারমেথ্রিন ও পাইরিথ্রোয়েড। এসব গ্রুপের বিভিন্ন ট্রেড মার্কের মধ্যে রয়েছে লেবাসিড, রিপকড, ডায়েজিলন, সুমিথিয়ন, মেরাথিয়ন প্রভৃতি। এসব কীটনাশক মাছ ও মানুষ উভয়ের জন্যই ক্ষতিকর। বাগেরহাট জেলা ম ৎ স্য কর্মকর্তা বজলুর রশিদ বলেন, কীটনাশক দিয়ে মাছ শিকারের এ প্রবণতা দেশের ম ৎ স্যসম্পদের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। এভাবে চলতে থাকলে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণী ধ্বংস হবে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো সুন্দরবনে কীটনাশক প্রয়োগ করে মাছ শিকারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বনের লোকালয়সংলগ্ন খালগুলোতে এ ধরনের মাছ শিকারের প্রবণতা বেশি। বন বিভাগে জনবল ও আধুনিক জলযান সংকট এবং কীটনাশকের প্রয়োগে বিষাক্রান্ত মাছ শনাক্ত করার যন্ত্র না থাকায় এসব অবৈধ শিকারিকে প্রতিরোধ করা যাচ্ছে না। বন বিভাগের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম থাকলে বনসংলগ্ন লোকালয়ের হাটবাজারে অভিযান চালিয়ে বিষাক্ত মাছ শনাক্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।