সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ নিধন, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় বনকর্মীরা দুই মৎস্যজীবীকে আটক করেছেন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ‘পেসকিল’ ট্রেডমার্কের দুই শিশি কীটনাশক ও শিকার করা প্রায় ৩০ কেজি চিংড়িমাছ। শুক্রবার ভোরে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া ক্যাম্পের অন্তর্গত বড় বেতের খাল থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামের রুস্তম শেখ (৪০) ও একই উপজেলার কদমদি গ্রামের ইস্রাফিল মল্লিক (৩৫)। মাছ শিকারের বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে ঢুকে তাঁরা এই অবৈধ প্রক্রিয়ায় মাছ শিকার করছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগ সূত্রে জানা গেছে, এই নিয়ে চলতি জুলাই মাসে এই বিভাগের অন্তর্গত শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে কীটনাশক দিয়ে অবৈধভাবে মাছ শিকারের পৃথক পাঁচটি ঘটনায় ১০ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, সুন্দরবন থেকে অবৈধ পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ করে মাছ শিকারের প্রবণতা বেড়ে গেছে। সুন্দরবনের লোকালয়সংলগ্ন খালগুলোতে এ ধরনের শিকার বেশি হচ্ছে। এর ফলে সুন্দরবনের মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। লোকবলের অভাব এবং বিষাক্ত মাছ শনাক্ত করার যন্ত্র না থাকায় এ ধরনের অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে বনকর্মীরা এ ধরনের ঘটনা প্রতিরোধে তৎপর রয়েছেন। চলতি মাসে পৃথক পাঁচটি ঘটনায় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।