সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার পাঁচ জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় বনকর্মীরা পাঁচ মৎস্যজীবীকে আটক করেছেন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ‘পেসকিল’ নামের ছয় বোতল কীটনাশক, এক কেজি চিংড়ি মাছ। এ সময় দুটি নৌকা ও একটি ট্রলার জব্দ করা হয়। গতকাল বুধবার ভোর সাড়ে ছয়টায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া ক্যাম্পের দীঘির খাল থেকে তাঁদের আটক করা হয়। আটক জেলেরা হলেন, মংলা উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা গ্রামের আবদুর রাজ্জাক খান (২০), মো. আল-আমিন খান (৩৫), একই গ্রামের মো. ফিরোজ খান (২৩), মিজান খান (২২) ও জাহাঙ্গীর শেখ (৪০)। বুধবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, হাড়বাড়িয়া ক্যাম্পের টহল দল নিয়মিত টহলের সময় ভোরে দীঘির খাল এলাকায় তিনটি নৌযান তল্লাশি করে ছয় বোতল ‘পেসকিল’ কীটনাশকসহ ওই পাঁচজনকে আটক করে।