সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যু 'বন্দুকযুদ্ধ', চার জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ পর কোস্ট গার্ডের সদস্যরা অপহূত চার জেলেকে উদ্ধার করেছেন। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি। আজ সোমবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুধমুখী খাল এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া চার জেলে হলেন মো. সেকেন্দার ফকির (৩৬), মো. আজিজ শেখ (২৬), মো. আবু জাফর (২২) ও মো. জালাল উদ্দিন (৪০)। তাঁদের বাড়ি জেলার মংলা উপজেলার সোনাইলতলা গ্রামে।
অভিযান সম্পর্কে মংলায় কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার মহিউদ্দিন মজুমদারের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল এই অভিযান চালায়। এ সময় বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। কোস্ট গার্ডের সদস্যরাও পাল্টা গুলি চালান। এক ঘণ্টা উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অপহূত চার জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, বন্দুকের ৭৭টি গুলি, একটি ধারালো অস্ত্র ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে।