বাগেরহাটে সুন্দরবনের বনদস্যু ও কোস্টগার্ডের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। দস্যুরা পিছু হটলে কোস্টগার্ড চারটি আগ্নেয়াস্ত্র ও অপহূত চার জেলেকে উদ্ধার করেছে। পৃথক অপর একটি ঘটনায় বরগুনার শুকপাড়া-কাতলার খাল এলাকার কয়েকটি জেলে নৌকায় জলদস্যুরা হামলা চালিয়ে মালামাল লুট এবং আট জেলেকে অপহরণ করেছে।
মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার মহিউদ্দিন মজুমদার প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সকালে সুন্দরবনের বনদস্যু রেজাউল বাহিনীর সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুধমুখী খাল এলাকায় অবস্থান করছে—এমন সংবাদ পেয়ে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে চালায়। এ সময় বনদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। তারাও পাল্টা গুলি চালায়। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটে বনের মধ্যে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ৭৭টি গুলি, একটি রামদা ও একটি নৌকা উদ্ধার করেন। দস্যুদের হাতে অপহূত চার জেলেকেও উদ্ধার করেন। তবে কোনো বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি।
অপর একটি ঘটনায় গত রোববার গভীর রাতে বরগুনার শুকপাড়া-কাতলার খাল এলাকায় ১০টি ট্রলারে হানা দিয়ে এক ট্রলারসহ আট জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। এ সময় ওই দস্যুরা ওই সব ট্রলারে থাকা ইলিশ মাছ, জাল, নগদ টাকা, মুঠোফোন, ট্রলারের যন্ত্রাংশ ও খাবারসামগ্রী লুট করে নিয়ে যায়। অপহূত জেলেরা হলেন আউয়াল হোসেন, ইসমাইল হাওলাদার, গোলাম মোস্তফা, ইসমাইল, বাদশা, মো. মোস্তফা, কবির হোসেন ও মোস্তফা মিয়া। এঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া গ্রামে।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. শহীদ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।