সুন্দরবনে চরে আটকা পড়েছে সারবাহী কার্গো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে ডুবো চরে আটকা পড়েছে এমভি জাবা লেমুর নামের সারবাহী একটি কার্গো। ৩ মে বিকেলে এটি সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর মরাভোলার ডুবো চরে আটকা পড়ে। আজ মঙ্গলবার দুপুরের পর থেকে কার্গোটির মালামাল সরিয়ে এটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মালিক পক্ষ।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ আজ সন্ধ্যায় বলেন, ৩ মে মংলা বন্দর থেকে এমভি জাবা লেমুর নামের একটি কার্গো পটাশ সার নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কার্গোটি ওই দিন বিকেল পাঁচটার দিকে মরাভোলার ডুবো চরে আটকা পড়ে। গতকাল সোমবার কার্গোর সার সরিয়ে নিতে এবং আটকে পড়া কার্গোটি উদ্ধারের জন্য মালিক পক্ষ অন্য দুটি কার্গো ঘটনাস্থলে পাঠায়। কার্গো দুটি আজ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে সার অপসারণ ও আটকে পড়া কার্গোটি উদ্ধারের চেষ্টা চালায়। আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে আটকা পড়া কার্গোটি এক দিকে হেলে পড়ে এর আংশিক পানিতে নিমজ্জিত হয়।

কামাল উদ্দিন আহমেদ বলেন, আটকে পড়া কার্গোটি দ্রুত উদ্ধার করা না গেলে মংলা থেকে দেশের বিভিন্ন স্থানে নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।