সুন্দরবনে চাঁদার দাবিতে জালসহ নৌকা লুট
সুন্দরবনে জেলেদের ২৫টি নৌকা, জাল ও দড়ি লুট করে নিয়ে গেছে বনদস্যুরা। নৌকাপ্রতি পাঁচ হাজার টাকা দেওয়ার শর্তে তা ফেরত দেওয়া হবে বলে বনদস্যুরা জেলেদের জানিয়েছে। গত শুক্রবার ও শনিবার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
সুন্দরবন থেকে ফিরে আসা শ্যামনগর উপজেলার নৈকাটি এলাকার আবদুল খালেক, মুনসুর আলী, জয়াখালী এলাকার শওকাত হোসেন ও শরিফুল ইসলাম বলেন, গত বুধবার ও বৃহস্পতিবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে তাঁরা পর্যায়ক্রমে মাছ ধরতে সুন্দরবনে ঢোকেন।
মাছ শিকার শেষে ফিরে আসার পর বনের উলুখালী ও ঝেটামুখো খালের নির্দিষ্ট একটি অংশে তাঁরা তাঁদের নৌকাগুলো বেঁধে রেখে আসেন। শনিবার সকালে জেলেরা সেখানে পৌঁছে দেখেন ২০টি নৌকা নেই। গতকাল সকালে গিয়ে জেলেরা দেখেন, সেখানে বেঁধে রাখা আরও পাঁচটি নৌকা, জাল ও দড়ি নেই।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক প্রথম আলোকে বলেন, নৌকা, জাল ও দড়ি লুটের বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি।