সুন্দরবনে চার জেলে অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের গহিনে সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর নদ থেকে গত শুক্রবার সকালে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা৷ অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আবদুল করিম সানা (৪০), ওয়াছ কুরুনি (২৮), নুরুজ্জামান শেখ (২৪) ও বুড়িগোয়ালিনী গ্রামের বাবু গাজী (২৪)৷
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জেলে পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে বুধবার তাঁরা কাঁকড়া ও মাছ ধরতে সুন্দরবনে যান৷ শুক্রবার সকাল নয়টার দিকে কাঠেশ্বর নদ থেকে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা ওই চার জেলেকে অপহরণ করে। এ সময় তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়৷ এক সপ্তাহের মধ্যে মুক্তিপণ দিতে না পারলে তাঁদের খুন করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় বনদস্যুরা৷
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, অপহৃত জেলেদের স্বজনেরা তাঁকে বিষয়টি জানিয়েছেন৷ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা কেরামত আলী মল্লিকের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি৷ শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি৷