সুন্দরবনে চার জেলে আটক, শুঁটকি উদ্ধার
অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ শিকার ও শুঁটকি প্রক্রিয়াকরণের সময় গতকাল শনিবার চার জেলেকে আটক করেছেন বনকর্মীরা। এ সময় তাঁদের কাছ থেকে ২০ কেজি শুঁটকি উদ্ধার এবং দুটি নৌকা ও জাল আটক করা হয়।আটক হওয়া জেলেরা হলেন খুলনার কয়রা উপজেলার তেঁতুলতলার কোবাদ আলী বিশ্বাসের ছেলে মিনারুল বিশ্বাস (২২), নাদের আলীর ছেলে আজিজুল শেখ (২৬), বেলায়েত হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) ও সুরত আলী বিশ্বাসের ছেলে বেল্লাল বিশ্বাস (৩০)।সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বলেন, সংবাদের ভিত্তিতে বনকর্মীরা চাঁদপাই রেঞ্জের চরাপুঁটিয়া ক্যাম্পের শিয়ালী চাত্রা খালের পাশ থেকে অভিযান চালিয়ে ওই চার জেলেকে আটক করেন। তাঁরা বন বিভাগের অনুমতি ছাড়াই কয়েক দিন আগে সুন্দরবনে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন নদী-খাল থেকে জাল দিয়ে চিংড়ি ও পারশে মাছ শিকার করেন। পরে বনের গাছ কেটে জ্বালিয়ে তাতে এসব মাছ শুকাচ্ছিলেন।বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ আটক হওয়া জেলেদের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, সুন্দরবনের দুবলা জেলেপল্লি ছাড়া অন্য কোথাও শুঁটকি প্রক্রিয়াকরণের অনুমতি নেই।