
‘যতবারই সুন্দরবনে আসি, ততবারই তাকে নতুন মনে হয়। আমরা আমাদের চোখ দিয়ে চিত্রকর্মের মাধ্যমে নতুনভাবে সুন্দরবন আবিষ্কার করার চেষ্টা করেছি। আশা করছি, দর্শকদের তা ভালো লাগবে। আর প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে জ্যেষ্ঠ ও তরুণ ৪০ জন শিল্পীর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাই তো অন্য রকম।’
চার দিনের আর্ট ক্যাম্প শেষে কথাগুলো বলছিলেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। ‘জীবনের জন্য শিল্প’ শিরোনামে ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি খ্যাতিমান ৪০ জন চিত্রশিল্পীকে নিয়ে সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে আর্ট ক্যাম্পের আয়োজন করে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড ফাউন্ডেশন।
ল্যাবএইডের সহকারী মহাব্যবস্থাপক (করপোরেট কমিউনিকেশন) ও ক্যাম্পের সমন্বয়কারী সাইফুর রহমান জানান, সুন্দরবনে হিরণ পয়েন্ট, কটকা, দুবলার চরসহ দর্শনীয় সব স্থানে নিরাপদ পরিবেশে শিল্পীরা ছবি এঁকেছেন, আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, গান করেছেন। ৪০ জন শিল্পী ক্যানভাসে ৮০টি ছবি আর জলরঙে ৪০টি ছবি এঁকেছেন। শিল্পীদের চোখ দিয়ে দেখা এ যেন অন্য এক সুন্দরবন।
আর্ট ক্যাম্পের অভিজ্ঞতা জানাতে গিয়ে কলকাতা থেকে আসা শিল্পী সমীর দত্ত বলেন, ভাসমান তরিতে সবাই মিলে একসঙ্গে থাকা আর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রকৃতির সঙ্গে মিশে ছবি আঁকা নিঃসন্দেহে চমকপ্রদ।
সুন্দরবনের এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন সমরজিৎ রায়চৌধুরী, হামিদুজ্জামান খান, মনসুর উল করিম, রেজাউল করিম, আবদুল মান্নান, আবুল বারক আলভী, বিরেন সোম, আবদুস শাকুর শাহ, নায়লা নাজলিন মনসুর, সমীর দত্ত, নাঈমা হক, তরুণ ঘোষ, গোলাম ফারুক বেবুল, সিদ্ধার্থ শংকর তালুকদার প্রমুখ।
ল্যাবএইড ফাউন্ডেশন দেশের প্রথিতযশা শিল্পীদের ক্যানভাসে রং-তুলির স্পর্শে প্রাকৃতিক রূপের অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য ২০০৯ সাল থেকে আয়োজন করে আসছে আর্ট ক্যাম্পের। হাসপাতালের শূন্য দেয়ালগুলো দৃষ্টিনন্দন করে তোলার জন্য প্রথমত এ উদ্যোগ গ্রহণ করা হয়। তবে এবারের ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের আঁকা ছবিগুলো প্রদর্শনীর মাধ্যমে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হবে। এরপর বিক্রয়লব্ধ অর্থ গরিব, দুস্থ রোগীদের চিকিৎসাকাজে ব্যয় করা হবে।