সুন্দরবনে জলদস্যু জিয়া বাহিনীর প্রধানসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর এলাকা থেকে গতকাল সোমবার ভোরে জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমানসহ (৩৭) চারজনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আটক অন্য তিনজন হলেন মিন্টু গাজী (৩২), মাসুম বিল্লাহ (২৪) ও ইউনুস আলী ওরফে পচা (২৫)। তাঁরা সবাই জিয়া বাহিনীর সদস্য।
এ বিষয়ে জানাতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে খুলনায় র্যা ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র্যা ব-৬-এর পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম বলেন, শ্যামনগরের কাঠেশ্বর ফরেস্ট ক্যাম্প এলাকায় জলদস্যুরা ডাকাতির জন্য অবস্থান করছে এমন খবর পেয়ে র্যা বের একটি দল রোববার রাতে সেখানে অভিযানে যায়। এতে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট এ এম এম জাহিদুল কবীর ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বজলুর রশীদ। গতকাল ভোরে কাঠেশ্বর খালের পশ্চিম পাড় এলাকা ঘেরাও করে জলদস্যু ‘জিয়া বাহিনী’র প্রধান জিয়াউর রহমানসহ চার দস্যুকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি একনলা বন্দুক (ওয়ান শুটারগান), দুটি দেশি একনলা পাইপগান ও ১৯টি বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
রফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের শ্যামনগর থানায় সোপর্দ করে মামলার প্রস্তুতি চলছে। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত অভিযান ও জলদস্যুদের আত্মসমর্পণের কারণে সুন্দরবনে এখন আর বড় কোনো বাহিনী নেই। তবে ক্ষুদ্র পরিসরে পাঁচ-ছয়টি বাহিনী সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান গতকাল সন্ধ্যা ছয়টায় বলেন, চার জলদস্যুকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।