সুন্দরবনে জাহাজডুবিতে তদন্ত কমিটি
সুন্দরবনের শ্যালা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুল করিমকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটিকে ১৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি সরেজমিনে তদন্ত করে সুন্দরবনের প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ওপরÿক্ষতিকর প্রভাব এবং সম্ভাব্য বিপর্যয় ও ক্ষয়ক্ষতির উত্তরণে সুপারিশ দেওয়ার জন্য কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলীপ কুমার দত্ত, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলতান আহমদ, খুলনা অঞ্চলের বন সংরক্ষক, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব (বাণিজ্যিক) মো. রেজাউল হক, বিআইডব্লিউটিএর একজন প্রতিনিধি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (বিপণন) মীর রেজা আলী, বাগেরহাটের জেলা প্রশাসকের একজন প্রতিনিধি।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন অধিশাখার উপসচিব সৈয়দ মেহেদী হাসানকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।