সুন্দরবনে জেলে অপহরণ, ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের চুনকুড়ি নদীর লতাবেড়ে নামক স্থান থেকে গত রোববার দুপুরে একজন জেলেকে অপহরণ করেছে বনদস্যু আমজাদ বাহিনীর সদস্যরা। ওই জেলের মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দাবি করেছে বনদস্যুরা। চার দিনের মধ্যে দাবি করা টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।অপহূত জেলের নাম আবদুল বারী (৫৫)। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামে। ওই গ্রামের মোফাজ্জেল গাজী ও ইসমাইল গাজী জানান, আবদুল বারীসহ তাঁরা চারজন রোববার চুনকুড়ি নদীর লতাবেড়ে নামক স্থানে কাঁকড়া ধরার সময় সাত-আটজন বনদস্যু তাঁদের ওপর হামলা চালায়। বনদস্যুরা নিজেদের আমজাদ বাহিনীর সদস্য পরিচয় দিয়ে জেলেদের মারধর করে এবং ৩০ থেকে ৩৫ কেজি কাঁকড়া কেড়ে নেয়। পরে বনদস্যুরা আবদুল বারীকে আটক রেখে তাঁদের ছেড়ে দেয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, বনদস্যুদের দেওয়া মুঠোফোন নম্বরে ইতিমধ্যে ১৩ হাজার টাকা পাঠানো হয়েছে।পশ্চিম সুন্দরবনের কদমতলা স্টেশন কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানান, জেলেরা অপহূত হলে সাধারণত প্রশাসনকে না জানিয়ে নিজেরাই সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করেন। আবদুল বারীকে অপহরণের বিষয়টি কেউ তাঁদের জানায়নি।