সুন্দরবনে জেলেদের পিটুনিতে তরুণ নিহত, অস্ত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে অপহরণের চেষ্টা করার সময় জেলেদের গণপিটুনিতে সোহেল পেয়াদা (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ছোট কটকা খাল এলাকায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ঘটনার পর কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করেন এবং দুটি অস্ত্র ও ২৯টি গুলি জব্দ করেন।নিহত তরুণের বাড়ি শরণখোলা উপজেলার তেরাবাকা গ্রাম। কোস্টগার্ডের ভাষ্যমতে, সোহেল বনদস্যু রুবেল বাহিনীর প্রধান রুবেল পেয়াদার ছোট ভাই এবং ওই বাহিনীর দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা।কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সুন্দরবনের ছোট কটকা খালে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় রুবেল পেয়াদা কয়েকজন বনদস্যু নিয়ে সেখানে গিয়ে জেলেদের অপহরণ করার চেষ্টা চালান। একপর্যায়ে আশপাশের জেলেরা মিলে বনদস্যুদের ধাওয়া দেন। পালানোর সময় সোহেল জেলেদের হাতে ধরা পড়েন। পরে জেলেরা গণপিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে এসে সোহেলের লাশ উদ্ধার করেন এবং দেশে তৈরি দুটি একনলা বন্দুক ও ২৯টি গুলি জব্দ করেন।কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের স্টাফ অফিসার লে. কমান্ডার এম শফিকুল আলম জানান, কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের ছোট কটকা খাল এলাকায় রুবেল ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান চালাচ্ছেন। বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের পর সোহেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ড শরণখোলা থানায় দুটি মামলা করেছে।