সুন্দরবনে ট্রলারসহ ৪০ জেলে অপহরণ, গুলিবিদ্ধ ১
সুন্দরবনের পদ্মাবতী খাল থেকে মুক্তিপণের দাবিতে গতকাল সোমবার সকালে দুটি ট্রলারসহ ৪০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু মর্তুজা বাহিনী। এ সময় দস্যুদের ছোড়া গুলিতে সাইফুল (৩৭) নামে এক জেলে গুলিবিদ্ধ হন। অপহূত জেলেদের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার জয়মনি গ্রামে ও সাতক্ষীরার শ্যামনগরে।মংলার জেলে-মহাজন লতিফ, মন্টু ও রহিমন জানান, সুন্দরবনের ভদ্রা ফরেস্ট ক্যাম্পসংলগ্ন বড় পদ্মাবতী খালে গতকাল সকালে জেলেরা মাছ ধরার সময় বনদস্যু মর্তুজা বাহিনী ওই জেলেবহরে হামলা ও লুটপাট চালায়। সশস্ত্র দস্যুরা এ সময় মুক্তিপণের দাবিতে দুটি ট্রলার ও ৪০ জেলেকে অপহরণ করে। এ সময় তারা জেলেদের মারধর করে লতিফ ও রাজ্জাকের দুটি ট্রলার এবং রাজুর একটি নৌকা মরাপশুর এলাকায় ডুবিয়ে দেয়। দস্যুদের এলোপাতাড়ি গুলিতে সাইফুল আহত হন। সাইফুলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের কমান্ডার সাইদুর রহমান বলেন, খবর পেয়ে গতকাল দুপুরে অপহূত জেলেদের উদ্ধারে ও দস্যু দমনে অভিযান শুরু করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ ঘটনায় মংলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।