সুন্দরবনে তিন জেলে অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণ আদায় করতে এবং বাদীকে মামলা তুলে নিতে বাধ্য করতে সুন্দরবনের জলদস্যুরা তিন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত চার দিনে সুন্দরবনের বয়ারশিং ও কাটেশ্বর খাল থেকে তাঁদের অপহরণ করা হয় বলে ফিরে আসা জেলে ও অপহূত জেলেদের স্বজনেরা জানিয়েছেন।অপহূত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের বাসিন্দা রুহুল কবীর, সাবুদ সরদার ও যতীন্দ্রনগর গ্রামের বাসিন্দা মোজাম্মেল সরদার।সুন্দরবন থেকে ফিরে আসা পাতাখালী গ্রামের আমিরুল ইসলাম জানান, গত ৩ জুলাই রুহুল কবীর, সাবুদ সরদারসহ তাঁরা ছয়জন দুটি নৌকায় সুন্দরবনে মাছ ধরতে যান। মাছ ধরে বাড়ি ফেরার পথে কাটেশ্বর খাল থেকে মজনু বাহিনীর সদস্য পরিচয়ে সশস্ত্র জলদস্যুরা সাবুদ সরদার ও রুহুল কবীরকে ধরে নিয়ে যায়। তাঁদের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়। গতকাল শুক্রবার পর্যন্ত তাঁরা বাড়ি ফেরেননি।এদিকে, মোজাম্মেল সরদারের স্ত্রী ফজিলা বেগম বলেছেন, গত সোমবার তাঁর স্বামী কয়েকজন জেলেকে নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহূত হন। তিনি বলেন, অপহরণকারীরা মোজাম্মেলের মুক্তিপণ হিসেবে টাকা না চেয়ে স্থানীয় ইউপি সদস্য আকবর আলীর বিরুদ্ধে ফজিলা বেগমের দায়ের করা মামলা তুলে নেওয়ার শর্ত দিয়েছে।ফজিলা জানান, গত ৮ জুন আকবর আলী তুচ্ছ একটি ঘটনায় ফজিলা বেগমকে হাত-পা বেেঁধ নির্যাতন চালান। এ ঘটনায় তিনি বাদী হয়ে আকবর ও আরও দুজনের নামে মামলা করেন। এ ঘটনার পর থেকে আকবর আলী বিভিন্ন সময় মামলা উঠিয়ে নিতে হুমকি দিয়ে আসছিলেন। আকবর আলী প্রথম আলোকে বলেছেন, মোজাম্মেল সরদারকে বনদস্যুরা অপহরণ করেছে বলে তিনি শুনেছেন। এর বেশি কিছু তিনি জানেন না। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, এ বিষয় কেউ তাঁদের অবহিত করেনি।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জামালউদ্দিন জানান, তিনিও এ বিষয়ে অভিযোগ পাননি।