সুন্দরবনে তিন মৌয়াল অপহৃত, মুক্তিপণ দাবি
ছয় মণ মধু লুট এবং তিনজন মৌয়ালকে অপহরণ করেছে বনদস্যুরা৷
গত শুক্রবার দুপুরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সোনাখাল থেকে তাঁদের অপহরণ করা হয়৷ মুক্তিপণ হিসেবে এক সপ্তাহের মধ্যে এক লাখ টাকা নির্দিষ্ট স্থানে পৌঁছে না দিলে ওই তিন মৌয়ালকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে বনদস্যুরা৷
অপহৃত মৌয়ালেরা হলেন শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের সিরাজুল ইসলাম গাজী, মহসিন আলী মালী এবং একই উপজেলার চকবারা গ্রামের জিয়াবুর মিস্ত্রি৷
সুন্দরবন থেকে ফিরে আসা শ্যামনগর উপজেলার মধ্যম খোলশেবুনিয়া গ্রামের মৌয়াল ইব্রাহিম ঢালী ও সমশের গাজী জানান, তাঁরা ১ মে মধু সংগ্রহের জন্য অনুমতি (পাস) নিয়ে তিনটি নৌকা করে ২৩ জন সুন্দরবনে ঢোকেন৷ শুক্রবার বেলা দুইটার দিকে তাঁরা সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীর সোনাখালে পৌঁছান৷
এ সময় দুটি নৌকায় করে আসা ১৫ জন সশস্ত্র বনদস্যু তাঁদের ঘিরে ফেলে৷ বনদস্যুরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে ছয় মণ মধু লুট করে এবং তিনজনকে অপহরণ করে নিয়ে যায়৷ ওই বনদস্যুরা নিজেদের আলিম বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়৷ যাওয়ার সময় তারা আগামী সাত দিনের মধ্যে মুক্তিপণ বাবদ এক লাখ টাকা বন বিভাগের কলাগাছিয়া ফাঁড়ির অপর পাশে পৌঁছে দেওয়ার কথা বলে৷
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিঞা বলেন, বনদস্যুরা বনজীবীদের কাউকে অপহরণ করলে বা চাঁদা আদায় করলে পুলিশকে জানানো হয় না৷ বনজীবীরা নিজেরা বনদস্যুদের সঙ্গে মীমাংসা করে নেন৷