সুন্দরবনে সাড়ে তিন লাখ লিটার তেলসহ কার্গোডুবি
পূর্ব সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় শেলা নদীতে আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে তেলবাহী একটি কার্গো জাহাজ (ট্যাঙ্কার) ডুবে গেছে। ট্যাঙ্কারে তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার জ্বালানি তেল ছিল বলে জানিয়েছেন মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা।
ডুবে যাওয়া জাহাজের ট্যাঙ্কার থেকে তেল নদীতে ছড়িয়ে পড়ছে। এতে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কা করছে বন বিভাগ।
আরেকটি কার্গো জাহাজের ধাক্কায় তেলবাহী কার্গো জাহাজটি ডুবে যায়। ঘটনার পর থেকে জাহাজের চালক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
তেল ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী বলেন, ‘পানিতে তেল ছড়িয়ে পড়লে বিলুপ্তপ্রায় ইরাবতী ডলফিনসহ ছয় প্রজাতির ডলফিন ও বিভিন্ন জলজ প্রাণী মারাত্মক হুমকির মুখে পড়বে। শুধু প্রাণিকুলই নয়, জোয়ারে বনের মধ্যে এই দূষিত পানি ঢুকলে বনজ সম্পদেরও ক্ষতি হবে। আমরা কর্তৃপক্ষকে অবিলম্বে জাহাজ তোলার কথা বলেছি।’
কার্গো জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স হারুন অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের ভাষ্য, খুলনার পদ্মা অয়েল থেকে তেলবাহী জাহাজ ‘এমটি সাউদার্ন ওটি-৭’ তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার জ্বালানি তেল নিয়ে গোপালগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দিকে যাচ্ছিল। গতকাল সোমবার বিকেলে খুলনা থেকে কার্গো জাহাজটি ছেড়ে আসে। কিন্তু ঘন কুয়াশার কারণে জাহাজটি সুন্দরবনের শেলা নদীতে নোঙর করে রাখা হয়। আজ ভোররাত চারটার দিকে বিপরীত দিক থেকে আসা ‘এমটি টোটাল’ নামের আরেকটি কার্গো জাহাজ সাউদার্নকে ধাক্কা মারে। এতে জাহাজটি ডুবে যায়।
গিয়াস উদ্দিনের দাবি, ঘটনার পর জাহাজের চালক (মাস্টার) মোখলেসুর রহমান নিখোঁজ রয়েছেন। জাহাজের অন্য ছয় কর্মচারী সাঁতরে নদীর তীরে উঠেছেন। এ ঘটনায় কোম্পানির প্রায় দুই কোটি ৩৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ডুবে যাওয়া জাহাজটির উদ্ধারকাজ কখন শুরু হবে, তা জানাতে পারেননি গিয়াস উদ্দিন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক দিলীপ কুমার দত্ত বিকেলে প্রথম আলোকে বলেন, এত পরিমাণ তেল পানিতে ভেসে থাকায় উপকূলীয় প্রাণবৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়বে। সুন্দরবনের মতো শ্বাসমূলীয় বনের গাছপালা শ্বাসমূল দিয়ে শ্বাস নেয়। এই তেলের আস্তর জোয়ারের সময় মাটির ওপরে ছড়িয়ে যাবে। ফলে গাছের শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হবে। গাছ মারা যাবে। তেল পানিতে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেবে এবং মাছসহ জলজ প্রাণীও অক্সিজেন সংকটে ভুগবে। তিনি বলেন, দেশের ভাটি এলাকায় পানির ভালো প্রবাহ না থাকায় সাগর থেকে উঠে আসা জোয়ার-ভাটা দ্রুত এই বর্জ্য অপসারণ করতে পারবে না। এর ফলে সুন্দরবনের প্রাণী সম্পদের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান খান পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর জাহাজ বিএনএস শহীদ রুহুল আমিনকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, তাঁর জানামতে নৌবাহিনীর ওই জাহাজে ভাসমান তেলের আস্তরণকে ভারী ও একত্র করার মতো রাসায়নিক দ্রব্য রয়েছে। এটি ব্যবহার করে ÿক্ষতি কিছুটা কমানো যেতে পারে।
ঘটনাস্থল থেকে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে জানান, ট্যাঙ্কারটির সামনের অংশ ডুবে আছে। পেছনের অংশ পানির ওপরে রয়েছে। তাঁর ধারণা ট্যাঙ্কারের প্রায় সব তেলই ভেসে গেছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার খান মোহাম্মদ আখতারুজ্জামান জানান, জাহাজটি বন্দর চ্যানেলের বাইরে ডুবেছে। বন্দর চ্যানেল ঝুঁকিমুক্ত রয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ৬০০ মে.টন সিমেন্টের কাঁচামাল নিয়ে কার্গো জাহাজ এমভি নয়ন শ্রি-৩ পশুর চ্যানেলের জয়মনির ঘোল এলাকায় ডুবে যায়। তার আগে গত ১২ সেপ্টেম্বর পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় প্রায় ৬৩০ মে.টন সিমেন্টের কাঁচামাল নিয়ে এমভি হাজেরা-২ নামের আরও একটি কার্গো জাহাজ ডুবে যায়। ওই জাহাজ দুটি এখনো চ্যানেল থেকে ওঠানো সম্ভব হয়নি।