সুন্দরবনে দস্যু-পুলিশ বন্দুকযুদ্ধ, আটক ১, ২ জেলে উদ্ধার
সুন্দরবনে বনদস্যু সোহাগ বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় পুলিশ সোহাগ বাহিনীর হাতে অপহূত দুই জেলে জলিল শেখ (৩৫) ও নান্না শেখকে (৩২) উদ্ধার এবং ওই বাহিনীর সদস্য আনোয়ার বয়াতিকে (২৮) গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দস্যুদের ব্যবহূত একটি নৌকা ও বন্দুকের পাঁচটি গুলি। গত সোমবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের তেঁতুলবাড়িয়া এলাকায় শরণখোলা থানার এক দল পুলিশের সঙ্গে বনদস্যুদের এ বন্দুকযুদ্ধ হয়।উদ্ধার পাওয়া জেলেদের বাড়ি শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকায়। গ্রেপ্তার হওয়া আনোয়ার বয়াতি একই উপজেলার সোনাতলা গ্রামের তানজেল বয়াতির ছেলে। সোমবার রাতে পুলিশ তাঁদের নিয়ে শরণখোলা থানায় ফিরে আসে।পুলিশ জানায়, এ ঘটনায় শরণখোলা থানায় অপহরণ ও চাঁদা দাবি, পুলিশের ওপর হামলা এবং অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক গতকাল মঙ্গলবার জানান, সোহাগ বাহিনীর সদস্যরা গত শনিবার সুন্দরবনের ভোলা নদীতে মাছ ধরা অবস্থায় জলিল শেখ (৩৫) ও নান্না শেখকে (৩২) অপহরণ করে এবং ৫০ হাজার টাকার মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে শরণখোলা থানার এক দল পুলিশ সুন্দরবনে যায়। শরণখোলা রেঞ্জের তেঁতুলবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি নৌকায় থাকা সোহাগ বাহিনীর সাত-আটজন সদস্য পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা তীরে নৌকা ভিড়িয়ে অপহূত জেলেদের ফেলে রেখে দৌড় দেয়। এ সময় পুলিশ ধাওয়া করে বনদস্যু আনোয়ার বয়াতিকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।