সুন্দরবনে দস্যুতা করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবন ও বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই সুন্দরবনে দস্যুতা করতে দেওয়া হবে না। দস্যুতা ছেড়ে যাঁরা স্বাভাবিক জীবনে ফিরেছেন, তাঁদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার।
স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। গতকাল বুধবার বিকেলে বাগেরহাট শহরের হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাভাবিক জীবনে ফেরা ১২টি বনদস্যু বাহিনীর ১৩২ জন সদস্যের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকার চেক, একটি মুঠোফোন, ঈদ উপহারসামগ্রী ও বেসরকারি এক্সিম ব্যাংকের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুন্দরবনে দস্যুতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এখনো যাঁরা দস্যুবৃত্তিতে আছেন, তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আসুন; সরকার আপনাদের সহযোগিতা করবে।’