সুন্দরবনে দস্যুদের গুলিতে জেলে নিহত
সুন্দরবনের মাদারবাড়ী খালে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত ও একজন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জলদস্যুদের কবল থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার ছগির আলম জানান, গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সাগরসংলগ্ন সুন্দরবনের মাদারবাড়ী খালে বড়শি দিয়ে মাছ ধরছিলেন এফবি কাজল নামে ট্রলারের জেলেরা। এ সময় হঠাৎ করে জলদস্যুরা সুন্দরবনের ভেতর থেকে এসে জেলেদের ওপর গুলি চালায়। এতে হাফিজ জমাদ্দার ও বাবুল হাওলাদার নামে দুই জেলে গুলিবিদ্ধ হন। রাত ১০টার দিকে ট্রলারেই হাফিজ জমাদ্দারের মুত্যু হয়।
গুরুতর আহত বাবুল হাওলাদারকে গতকাল শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, জেলেদের পক্ষ থেকে মাঝি আবুল কালাম হাওলাদার বাদী হয়ে শনিবার দুপুরে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।