সুন্দরবনে দস্যুদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলার কাটেশ্বর খাল এলাকায় সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। কোস্টগার্ডের দাবি, গত মঙ্গলবার বেলা পৌনে তিনটা থেকে গতকাল বুধবার ভোর পাঁচটা পর্যন্ত থেমে থেমে ওই বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, দুটি শটগান, ১০৭টি বন্দুকের গুলি, চারটি ধারালো অস্ত্রসহ তিন বনদস্যুকে আটক করে। উদ্ধার করে একটি মাছ ধরার ট্রলারসহ অপহূত দুই জেলেকে। আটক দস্যুরা হলেন আমির আলী (৩২), জব্বার (৩০) ও শাহজাহান (২৬)।মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন মজুমদার প্রথম আলোকে বলেন, বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনার কয়রা উপজেলার কাটেশ্বর খাল এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। টের পেয়ে দস্যুরা গুলি চালালে কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫ ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে কোস্টগার্ডের অন্তত ৩২টি গুলি খরচ হয়।