সুন্দরবনে দুই জেলে অপহূত মুক্তিপণ দাবি
মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গতকাল শুক্রবার ভোরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অনুমতি নিয়ে বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের সেলিম মোড়ল (২৩), গাইনবাড়ী গ্রামের রবিউল গাজীসহ (২২) সাতজন জেলে কাঁকড়া ধরতে সুন্দরবনে যান। শুক্রবার ভোরে গলাগাছি এলাকার সোনাখালী খালে ঢুকলে বনদস্যুরা নিজেদের আলিফ বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে সেলিম ও রবিউলকে তুলে নিয়ে যায়। যাওয়ার আগে তিন দিনের মধ্যে এক লাখ টাকা নিয়ে সুন্দরবনের কচুকাটা এলাকায় দেখা করতে বলে দস্যুরা। তা না হলে অপহূত ব্যক্তিদের হত্যা করা হবে বলে হুমকি দেয়।এদিকে ২১ জুলাই সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মাছ ধরার অনুমতি নিয়ে আটজন জেলে সুন্দরবনে যান। সুন্দরবনের খোলশেবুনিয়া এলাকা গেলে মঞ্জু বাহিনীর সদস্যরা আবদুল মুজিদ ও আবদুল্লাহ সরদার নামে দুই জেলেকে আটকে রেখে অন্যদের ছেড়ে দেয়। ২৪ জুলাই ভোরে খুলনা সোনাডাঙ্গা এলাকায় নির্ধারিত একজনের কাছে ৫০ হাজার টাকা পৌঁছে দেওয়ার পর আবদুল মুজিদ ও আবদুল্লাহ সরদারকে একটি জেলেনৌকায় তুলে দেওয়া হয়। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মঞ্জুর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।