সুন্দরবনে দুই জেলেকে অপহরণ, নিখোঁজ ১
সুন্দরবনের ডিমের চর এলাকায় একটি ট্রলার থেকে দুই জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা৷ এ সময় সাগরে পড়ে এক জেলে নিখোঁজ হন৷ গতকাল রোববার সকালে ছয় জেলে পাথরঘাটায় ফিরে এই তথ্য জানান৷
সাতক্ষীরায় সুন্দরবনের গহিন এলাকা থেকে জেলেদের কাছ থেকে বিভিন্ন সময় ছিনতাই হওয়া ২৭টি নৌকা উদ্ধার করা হয়েছে৷
পাথরঘাটায় ফিরে আসা জামাল হোসেন ও মুনসুর আলী নামে দুই জেলের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডিমের চর এলাকায় শুক্রবার ভোরে এফবি আল্লাহর দান নামে একটি ট্রলারে করে নয় জেলে মাছ শিকার করছিলেন৷ এ সময় অস্ত্রধারী পাঁচ-ছয়জন জলদস্যু ট্রলারে হামলা চালায়৷ ভয়ে আবদুর রহমান নামে এক জেলে সাগরে পড়ে যান৷ এ সময় দস্যুরা ট্রলারের মাঝি আইউব আলী ও মিস্ত্রী আবদুর রহিমকে অপহরণ করে নিয়ে যায়৷ তারা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে৷ তবে জেলেরা দস্যু বাহিনীর পরিচয় জানাতে পারেননি৷ তবে গত তিন দিনে আবদুর রহমানেরও সন্ধান পাওয়া যায়নি৷
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার এম আরিফ হোসেন বলেন, ‘মুঠোফোনে ঘটনাটি শুনেছি৷ তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি৷’
সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশনের তেসনাখালি খাল থেকে শনিবার ভোর পাঁচটার দিকে ৩০ জেলেকে অপহরণ করে বনদস্যুরা৷ খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড ও বনপ্রহরী মিলে একসঙ্গে শনিবার বিকেলে অভিযানে নামে৷ অভিযানের খবর পেয়ে বনদস্যুরা আমিরুল গাজীকে রেখে বাকি ২৯ জনকে ছেড়ে দেয়৷ অভিযানে তেসনাখালি, খাসিটানা ও কৃষ্ণখালি খাল থেকে বিভিন্ন সময়ে জেলেদের কাছ থেকে ছিনতাই হওয়া ২৭টি নৌকা উদ্ধার করা হয়৷ তবে অামিরুলের সন্ধান পাওয়া যায়নি৷
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপির চেয়ারম্যান আকবর আলী জানান, নৌকাগুলো উদ্ধারের পর মালিকদের খবর দেওয়া হয়েছে৷