সুন্দরবনে দুটি ট্রলারসহ ৪৫ জেলেকে অপহরণ
পূর্ব সুন্দরবনের ভেদাখালী খাল থেকে গত শনিবার গভীর রাতে বনদস্যুরা দুটি ট্রলারসহ অন্তত ৪৫ জন জেলেকে অপহরণ করেছে।প্রত্যক্ষদর্শী ও অপহূত জেলেদের বরাত দিয়ে দুবলা ফিশারমেন গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, সাগরে মাছ ধরতে যাওয়া বেশ কয়েকটি ট্রলার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার গভীর রাতে সুন্দরবনের মেহের আলী চরসংলগ্ন ভেদাখালী খালে আশ্রয় নেয়। রাত একটার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দস্যু দল জেলেদের ওপর হামলা চালায়। দস্যুরা সেখানে আশ্রয় নেওয়া ২০টি ট্রলার থেকে ৪০-৪৫ জন জেলেকে অপহরণ করে। অপহূত জেলেদের বাড়ি বাগেরহাট, বরগুনা ও পিরোজপুর জেলায়।পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের ট্রলারমালিক বাদশা মিঞা জানান, দস্যুরা তাঁর এফবি সৈকত নামের একটি ট্রলারসহ মাঝি নজরুল ইসলামকে অপহরণ করেছে। অপহূত নজরুল গতকাল রোববার ভোরে তাঁকে মুঠোফোনে জানান, ট্রলারে অন্তত ১৩ জন জেলে রয়েছেন। দস্যুরা জেলেদের কাছে একটি মুঠোফোনের নম্বর দিয়ে যায়। তবে ওই নম্বরে বেশ কয়েকবার চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, বনদস্যু নাছির বাহিনী এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। তবে অপহূত জেলেদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম বদরুদ্দোজা গতকাল বিকেলে জানান, ধারণা করা হচ্ছে, ৪০ থেকে ৪৫ জন জেলেকে অপহরণ করা হয়েছে। তাঁদের উদ্ধারে সকালে সিজিএস পটুয়াখালী নামের একটি নৌযান ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে গতকাল রাত নয়টার দিকে এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত কোনো জেলেকে উদ্ধারের খবর পাওয়া যায়নি।