সুন্দরবনে নিষিদ্ধ হচ্ছে বনজ সম্পদ আহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে সুরক্ষিত রাখতে মধু, গোলপাতা, মোম, মাছ শিকারসহ সব ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এ সিদ্ধান্ত কার্যকর হলে সুন্দরবনে পর্যটক ছাড়া অন্যদের প্রবেশ বন্ধ হয়ে যাবে।
সরকারের এমন সিদ্ধান্তে সুন্দরবনের আশপাশের জেলার প্রায় সাড়ে ১০ লাখ বনজীবী ও ব্যবসায়ী বেকার হওয়ার আশঙ্কা করছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই তাঁরা বিকল্প কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ইউনেসকো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করার পর এর সুরক্ষার জন্য দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা চলছিল। এর অংশ হিসেবে গত ১৫ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের সভা হয়। সভায় সুন্দরবনের নদ-নদীতে মাছ আহরণ ও বন থেকে গোলপাতা, শণ, কাঁকড়া, মধুসহ সব ধরনের সম্পদ আহরণ পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সুন্দরবনের ওপর নির্ভরশীল পেশাজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য সুপারিশমালা প্রণয়নেরও সিদ্ধান্ত হয়। সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে পর্যটক ছাড়া সুন্দরবনে কারও প্রবেশাধিকার থাকবে না।
খুলনা অঞ্চলের আঞ্চলিক বন সংরক্ষক কার্তিক চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, প্রথম পর্যায়ে গোলপাতা আহরণ ও দুবলা ফিশারম্যান গ্রুপের অধীনে শুঁটকিপল্লি ও মাছ আহরণ বন্ধের সুপারিশ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্যও সুপারিশ আছে। পর্যায়ক্রমে অন্য সব ধরনের সম্পদ আহরণেও নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ সিদ্ধান্ত কবে কার্যকর হবে, সে ব্যাপারে তাঁরা এখনো কোনো নির্দেশনা পাননি।
বন বিভাগের কর্মকর্তারা জানান, ১৫ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্যেষ্ঠ সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ-সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বন ও পরিবেশ, মৎস্য ও প্রাণিসম্পদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং সুন্দরবনসংলগ্ন বাগেরহাট, পিরোজপুর, খুলনা, বরগুনা ও সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় সুন্দরবনকে সুরক্ষার জন্য পর্যায়ক্রমে সব সম্পদ আহরণ নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের হিসাবে সুন্দরবনের পাশের জেলাগুলোতে প্রায় সাড়ে ১০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বনের ওপর নির্ভরশীল। ১৫ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয় বৈঠক করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল। এরপর এ-সংক্রান্ত আর কোনো সভা হয়নি।’
সরকারের এ সিদ্ধান্তের খবরে বরগুনা, বাগেরহাট, পিরোজপুর, খুলনা ও সাতক্ষীরা জেলার বনজীবী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে।
বাগেরহাটের শরণখোলার গোলপাতা ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, বিগত ৪০ বছর ধরে এ এলাকার প্রায় পাঁচ হাজার বাওয়ালী ও প্রায় ৩০০ গোলপাতা ব্যবসায়ী সুন্দরবনের ওপর নির্ভর হয়ে জীবিকা নির্বাহ করছেন। এ ছাড়া শরণখোলা উপজেলার প্রায় ২০ হাজার জেলে সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। হঠাৎ বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ হলে তাঁরা বেকার হয়ে পড়বেন।
বনজীবী আবদুল জলিল মিয়া বলেন, গোলপাতা আহরণের জন্য শরণখোলার ব্যবসায়ীদের প্রায় ২০০ বাওয়ালি নৌকা রয়েছে। এসব নৌকার একেকটি নির্মাণ করতে পাঁচ-ছয় লাখ টাকা ব্যয় হয়েছে। গোলপাতা আহরণ বন্ধ হয়ে গেলে এসব নৌকা আর কোনো কাজে লাগবে না।
পাথরঘাটা রূহিতা এলাকার জেলে আবুল কালাম বলেন, ‘মোরা বাপ-দাদার আমল হইতে সুন্দরবনের নদ-নদীতে মাছপোনা ধইর্যা সংসার চালাই। এহন হেইয়্যা বন্ধ অইয়্যা গ্যালে মোগো মরণ ছাড়া কোনো উপায় থাকপে না।’