সুন্দরবনে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পূর্ব সুন্দরবনের ধঞ্চেবাড়িয়া এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের অভিযানে নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পেয়েছে পুলিশ।নিহত ব্যক্তিরা হলেন—পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগরা গ্রামের বেলায়েত হোসেন (৩৫), খুলনার দাকোপ উপজেলার সুতোরখালী গ্রামের কামরুজ্জামান ওরফে নাতি কামরুল (৩০) এবং নলিয়ান গ্রামের রওশন ইসলাম ছানা ওরফে রওশন (৩০)।এ ব্যাপারে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। চারজনই বনদস্যু রাজু বাহিনীর সক্রিয় সদস্য। র‌্যাবের ভাষ্যমতে, বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের ধঞ্চেবাড়িয়া এলাকায় বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে চার বনদস্যুর লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় ১২টি আগ্নেয়াস্ত্র, ছয়টি ধারালো অস্ত্র, গুলি, একটি ট্রলার, এক লাখ টাকাসহ দস্যুদের ব্যবহূত বিভিন্ন সামগ্রী। ওই ঘটনায় র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয়ের বনদস্যুদের বিরুদ্ধে শরণখোলা থানায় দুটি মামলা করেছেন। গতকাল বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে নিহত চারজনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাশগুলো নিতে হাসপাতালে কেউ না আসায় বাগেরহাট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।নিহত চারজনের বিরুদ্ধে বাগেরহাট, পিরোজপুর ও খুলনা জেলার কোনো থানায় মামলা বা অভিযোগ আছে কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। গতকাল শরণখোলা থানা পরিদর্শনের পর পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।