সুন্দরবনে নৌ চলাচল স্থায়ীভাবে বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতরে স্থায়ীভাবে নৌ চলাচল বন্ধ এবং দুর্যোগ মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার দাবি জানানো হয়েছে। খুলনা নগরের পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে গতকাল সোমবার সকালে গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।
এদিকে সুন্দরবনকে রক্ষার দাবিতে গতকাল দুপুরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সুন্দরবন বাঁচাও আন্দোলন।
‘সুন্দরবনের জীবন বাঁচাতে আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), জন-উদ্যোগ এবং বেসরকারি সংস্থা বারসিক ও ক্লিন। সভায় বক্তারা বলেন, সরকারের উচিত, যেখানে তেল রয়েছে, সেখান থেকে দ্রুত তেল অপসারণ করা। সুন্দরবনের মধ্যে দিয়ে আর যাতে নৌ চলাচল করতে না পারে, সেই ব্যবস্থাও নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞ দল গঠন করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করতে হবে। বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি লিয়াকত আলীর সঞ্চালনায় ও বেসরকারি সংস্থা জন-উদ্যোগের খুলনা শাখার আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, অধ্যাপক জাফর ইমাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিলীপ দত্ত, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম প্রমুখ।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আবদুল মান্নান, সদস্যসচিব মাসুম রশীদ, নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম প্রমুখ।