
প্রতিবছর লাখো পর্যটক বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন দেখতে যান। বিশেষ করে শীত মৌসুমে এ সংখ্যা অনেক বেড়ে যায়। এতে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। সুন্দরবন বাঁচাতে পর্যটক নিয়ন্ত্রণের সুপারিশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগ ও সেন্টার ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অব সুন্দরবন এ গবেষণা কার্যক্রম পরিচালনা করে।
গবেষণাপত্রে বলা হয়েছে, সুন্দরবনের নয়টি পর্যটনকেন্দ্রে প্রতিদিন ৪ হাজার ২১৬ জন পর্যটক থাকলে পরিবেশের কোনো ক্ষতি হবে না। কেন্দ্রগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে প্রতিদিন সর্বোচ্চ ৭ হাজার ১৫০ জন পর্যটক সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। তবে সেটা ধরা হয়েছে দিনে ফিরে আসার মতো স্থান যেমন হাড়বাড়িয়া, করমজল ও কলাগাছিয়া কেন্দ্রকে বিবেচনায় নিয়ে। সুন্দরবনের পর্যটক ধারণক্ষমতা নির্ণয়ে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত গবেষকেরা সুন্দরবনে জরিপ কার্যক্রম পরিচালনা করেন।
গবেষণা দলের প্রধান খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক সালমা বেগম প্রথম আলোকে বলেন, সুন্দরবনে একটি জটিল ও সংবেদনশীল ইকো সিস্টেম বিদ্যমান। পরিবেশের কোনো উপাদানের সামান্যতম তারতম্য হলে ওই ইকো সিস্টেমে বিরূপ প্রভাব পড়ে। বর্তমানে সুন্দরবনে যে পর্যটনব্যবস্থা চলছে, তা কোনো অবস্থাতেই পরিবেশসম্মত নয়।
গবেষণাপত্রে বলা হয়েছে, বর্তমানে সুন্দরবনের নয়টি পর্যটন এলাকায় পর্যটন মৌসুমে (নভেম্বর থেকে মার্চে) কোনো কোনো দিন ৪৫ হাজারেরও বেশি মানুষ অবস্থান করেন। বর্তমানে বিপুলসংখ্যক পর্যটক সুন্দরবনে অনিয়ন্ত্রিতভাবে যাচ্ছেন। তাঁরা যেখানে-সেখানে খাবারের প্যাকেট, পলিথিন, পানির বোতলসহ নানা বর্জ্য ফেলছেন; যা বনের প্রাণী ও মাইক্রো অর্গানিজমের ক্ষতি করছে। এ অবস্থা চলতে থাকলে যেসব স্পটে অধিকসংখ্যক পর্যটক যাচ্ছেন, সেখানকার পরিবেশ-প্রতিবেশ ক্ষতির সম্মুখীন হবে। এতে আরও বলা হয়েছে, যে ট্রলার বা জাহাজে করে সুন্দরবনে মানুষ ভ্রমণ করে, সেগুলোর শব্দে বন্য প্রাণী প্রজননে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। এতে সুন্দরবনে বন্য প্রাণী কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া ওই শব্দের কারণে যেসব প্রাণী (বাদুড়, ডলফিন) শব্দতরঙ্গ ব্যবহার করে চলাফেরা করে, তাদের চলাচলে ব্যাঘাত ঘটে। এতে তারা ওই এলাকা থেকে চলে যেতে পারে।
এসব বিষয় বিবেচনায় এনে সুন্দরবনের পরিবেশ রক্ষায় বন বিভাগকে পর্যটক নিয়ন্ত্রণের সুপারিশ করেছেন গবেষকেরা।
সুন্দরবন ভ্রমণের জন্য প্রতিটি জাহাজে ৭৫ জনের বেশি পর্যটক না নেওয়ার বিধিনিষেধ আছে বন বিভাগের। তবে সেই নিয়ম মানছেন না অনেকে। এ জন্য বন বিভাগের নির্দেশে সম্প্রতি জাহাজগুলো তদারক করতে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন।
সুন্দরবন ট্যুর অপারেটরদের সংগঠন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক কচি জমাদ্দার বলেন,কমিটির তিনজন খুলনা ও দুজন মোংলা এলাকায় সুন্দরবনে যাওয়া জাহাজগুলো পর্যবেক্ষণ করবেন। যদি কোনো জাহাজে অতিরিক্ত যাত্রী থাকেন, তাহলে তাঁদের জাহাজ থেকে নামিয়ে নেওয়া হবে অথবা ওই জাহাজের অনুমোদন বাতিলকরা হবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী বলেন, ‘আমরাও জানি প্রতিদিন অতিরিক্ত পর্যটক সুন্দরবন ভ্রমণে যাচ্ছেন। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে। তবে নিয়ন্ত্রণের জন্য বন বিভাগের যেসব সক্ষমতা থাকা দরকার তা নেই। জনবলের সংকট রয়েছে। পর্যটক ও ট্যুর অপারেটরদের আসা-যাওয়ার তথ্যসংবলিত কোনো সফটওয়্যার নেই।’
বন বিভাগ খুলনাঞ্চলের প্রধান বন সংরক্ষক জহির উদ্দিন আহম্মেদ বলেন, সুন্দরবন ভ্রমণে ট্যুর অপারেটর, পর্যটক ও বন বিভাগের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আপাতত ওই নীতিমালা অনুযায়ী কাজ করা হচ্ছে। এ ছাড়া পর্যটক সক্ষমতার যে গবেষণা খুলনা বিশ্ববিদ্যালয় করেছে, সেটি বন বিভাগের কাছে আছে। গবেষণাপত্রটি মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে।