সুন্দরবনে পর্যটক নেই ব্যবসায়ীদের মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সুন্দরবনের ওপর নির্ভরশীল ব্যবসা-বাণিজ্য ও পর্যটনশিল্প। পর্যটক না থাকায় বন বিভাগও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
এ অবস্থায় বন বিভাগ ও ব্যবসায়ীদের আশঙ্কা, রাজনৈতিক সমঝোতা না হলে এবং দেশে স্থিতিশীলতা ফিরে না এলে পুরো শীত মৌসুমই সুন্দরবন কাটাবে পর্যটকহীন।
বন বিভাগ সূত্রে জানা যায়, পর্যটনের এই মৌসুমে (নভেম্বর থেকে মার্চ) মংলাসহ সুন্দরবন ঘুরতে আসেন দেশি-বিদেশি হাজার হাজার পর্যটক ও দর্শনার্থী। সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা ও কচিখালী এলাকা পর্যটকদের আগমনে থাকে মুখর। কিন্তু টানা অবরোধ আর রাজনৈতিক সহিংসতায় থমকে গেছে পর্যটকদের সেই স্রোতোধারা।
গত বুধবার দুপুরে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রে গিয়ে দেখা যায়, সব মিলিয়ে ১৫-২০ জন পর্যটক ওই কেন্দ্রে ঘুরতে এসেছেন। তা-ও আবার মংলা ও পার্শ্ববর্তী রামপাল থেকে। দূরবর্তী জেলা-উপজেলার কোনো পর্যটক নেই।
ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আ. রব বলেন, গত বছর এই সময়ে তাঁর এ কেন্দ্রে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার পর্যটক ভিড় জমাতেন। কিন্তু গত কয়েক দিনে তা এসে দাঁড়িয়েছে মাত্র ৫০-৬০ জনে। অবরোধের কারণে পর্যটকেরা আসতে পারছেন না। তিনি বলেন, গত বছরও রাজনৈতিক সহিংসতা ও হরতাল-অবরোধের কারণে এ পর্যটনকেন্দ্রের রাজস্ব আয় ৪০ লাখ টাকা থেকে কমে ২০ লাখ টাকায় দাঁড়িয়েছিল। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ৪৫ লাখ টাকা। এ রকম পরিস্থিতি চললে এবারও রাজস্ব অর্ধেকে নেমে আসবে।
পর্যটক না থাকায় মংলার লঞ্চ ও টুরিস্ট বোট মালিকেরাও হাত গুটিয়ে বসে আছেন। কোনো উপার্জন নেই। ফলে বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে তাঁদের। মংলা লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সুন্দরবন লাইভ টুরসের স্বত্বাধিকারী গোলাম রহমান বলেন, ‘এই মাসে আমার লঞ্চে সুন্দরবন ভ্রমণের আটটি টুরের বুকিং ছিল। কিন্তু অবরোধের কারণে পর্যটকেরা সে টুর বাতিল করেছেন। এতে আমার ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। একই অবস্থা অন্য লঞ্চ মালিকদেরও। রাজনৈতিক স্থিতিবস্থা না এলে এ ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে।’
মংলা টুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ দুলাল জানান, মংলায় প্রায় ২৫০ থেকে ৩০০ টুরিস্ট বোট, লঞ্চ ও অন্যান্য নৌযান রয়েছে। এতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। ১১ দিন ধরে কোনো পর্যটক নেই। তাই আয়ও নেই। বোটের কর্মচারীদের ঠিকমতো বেতন দেওয়া যাচ্ছে না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। আর মালিকেরাও হচ্ছেন ক্ষতিগ্রস্ত।
হরতাল-অবরোধের কারণে খুলনা ও মংলার আবাসিক হোটেলগুলো পর্যটকশূন্য। খুলনায় অবস্থিত হোটেল ক্যাসল সালামের প্রশাসনিক ব্যবস্থাপক মোর্শেদুর রহমান গতকাল বৃহস্পতিবার সকালে জানান, তাঁদের ১০১টি কক্ষের ৮০টিই বর্তমানে ফাঁকা। বিদেশি পর্যটক নেই একেবারেই। হোটেলে দু-একজন যাঁরা আসছেন, তাঁরা ব্যবসায়িক বা পেশাগত কাজে আসছেন।
মংলার পর্যটন হোটেল পশুর-এর অফিস ব্যবস্থাপক আবদুল মালেক বলেন, মৌসুমের এ সময়ে তাঁদের হোটেলের ১৬টি কক্ষই পূর্ণ থাকে। কক্ষ খালি না থাকায় প্রতিদিনই ১৫-২০ জন পর্যটককে ফিরিয়ে দিতে হয়। কিন্তু অবরোধের কারণে এখন কোনো পর্যটকই পাওয়া যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে চলতি মাসে ছয় থেকে সাত লাখ টাকা ক্ষতি হবে তাঁদের।