সুন্দরবনে পর্যটকদের কাছ থেকে চাঁদা আদায়!
সুন্দরবনের বুড়িগোয়ালিনী এলাকায় ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অধীন শ্যামনগর উপজেলার এ এলাকার কয়েকজন তরুণ স্থানীয় একটি বিদ্যালয় ও ক্লাবের উন্নয়নের নামে পার্কিংয়ের জন্য পর্যটকবাহী প্রতিটি গাড়ি থেকে ২০০ টাকা করে আদায় করছেন।গত শুক্রবার সুন্দরবনে ঘুরতে আসা যশোর এম এম কলেজের ছাত্র আবুল কালাম, নড়াইলের শফিকুল ইসলাম ও রায়হান সিদ্দিকী এবং মাগুরার আশরাফউজ্জামান অভিযোগ করে জানান, বুড়িগোয়ালিনী এলাকায় পৌঁছানোর পর স্থানীয় আবদুল হালিম, আবদুল হাকিম, আবদুস ছালাম ও রবিউল ইসলামের নেতৃত্বে কয়েকজন তাঁদের কাছে গাড়িপ্রতি ২০০ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এখানে গাড়ি রাখতে দেওয়া হবে না বলে হুমকি-ধমকি দেন তাঁরা।শিক্ষার্থী আরও জানান, সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে এসে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে গাড়ি পার্কিং নিয়ে রীতিমতো নাজেহাল হতে হয়েছে তাঁদের। এসব বিষয়ে বনবিভাগ কিংবা পুলিশ কোনো আইনিব্যবস্থা নিচ্ছে না।মেহেরপুর ও শার্শা এলাকা থেকে আসা আশিক ইকবাল ও জ্যোৎস্না বিশ্বাস জানান, গাড়িপ্রতি ২০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। তা দিতে রাজি না হলে অনেককেই নাজেহাল হতে হয়। অথচ এখানে গাড়ি পার্কিংয়ের কোনো সুবিধা ও শৌচাগার নেই।নীলডুমুর মোহামেডান স্পোর্টি ক্লাবের সভাপতি আবদুল হালিম জানান, নিজস্ব ব্যবস্থাপনায় একটি মাঠ ভরাট করে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা তৈরি করা হয়েছে। তিন-চার মাস ধরে নীলডুমুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের নামে রসিদ ছাপিয়ে পর্যটকবাহী বাসপ্রতি আদায় করা হচ্ছে ২০০ টাকা করে। আবদুল হালিম দাবি করেন, বিষয়টি নিয়ে বিতর্ক ওঠায় আপাতত টাকা আদায় করা বন্ধ রাখা হয়েছে।বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ জানান, আবদুল হালিম ও আবদুল হাকিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা টাকা তুলে বিদ্যালয় ও ক্লাবকে দুই ভাগ করে দেওয়া হবে বলে জানান। তবে তিনি তাঁদের বিদ্যালয়ের নামে রসিদ না ছাপাতে ও বিদ্যালয়ের নাম ব্যবহার করে চাঁদা আদায় না করতে বলেছেন।বুড়িগোয়ালিনী গ্রামের গোলাম ছাত্তার জানান, অবৈধভাবে চাঁদা আদায়ের বিষয়ে আপত্তি করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় স্থানীয় মাসুম বিল্লাহসহ কয়েকজনকে মারধর করেছেন চাঁদা আদায়কারীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) লুৎফর রহমান জানান, গত চার-পাঁচ দিন আগে পর্যটকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের বিষয়ে একটি অভিযোগ তিনি পেয়েছেন। তাই তদন্ত শুরু করেছেন।সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মো. তৌফিকুল ইসলাম জানান, জোর করে চাঁদা আদায়ের বিষয়টি তিনি জানার পর শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দৌলতুজ্জামান খানকে জানান। তাঁর পরামর্শে তাঁকে প্রধান করে গত বৃহস্পতিবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।