সুন্দরবনে পর্যটকদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে সমুদ্রবন্দর মংলা ও সংলগ্ন সুন্দরবন এলাকায় পর্যটকদের ঢল নেমেছে। বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা ও ভিড় সামলাতে বনপ্রহরীদের রীতিমতো হিমশিম অবস্থা।

বন বিভাগের হিসাব অনুযায়ী, শনিবার থেকে প্রতিদিনই সহস্রাধিক পর্যটক বনে আসছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, দেশি-বিদেশি পর্যটকেরা ঈদের দিন থেকেই সুন্দরবন ভ্রমণে আসতে শুরু করেন। তবে ঈদের পরদিন থেকে পর্যটকদের ভিড় ক্রমশ বাড়তে থাকে। এবার ঈদে বিপুলসংখ্যক দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের ভিড়ও লক্ষণীয়। যাঁরা আর্থিক স্বল্পতা ও নিরাপত্তার কারণে বড় লঞ্চ নিয়ে সুন্দরবনের গহিনে যেতে পারেননি, তাঁরা মংলা থেকে ট্রলার, টুরিস্ট বোটে করে করমজল বন্য প্রাণী ও পর্যটনকেন্দ্রে আসেন। করমজলে রয়েছে বন্য প্রাণী প্রজনন কেন্দ্র এবং কুমির, হরিণ, বানরসহ নানা প্রাণী।

তবে বনের গহিনে ঢুকতে না পারা, অপ্রতুল নিরাপত্তাব্যবস্থা, রাস্তাঘাট, শৌচাগার না থাকা এবং অবকাঠামোর তেমন কোনো উন্নয়ন না হওয়ায় দর্শনার্থীদের রয়েছে নানা অভিযোগ ও ক্ষোভ।

নড়াইল থেকে আসা কলেজছাত্র ইকবাল, সুমন, হাসানসহ অনেকে বলেন, ‘সুন্দরবনের গভীরে যাওয়ার জন্য বাগেরহাট থেকে পাস আনতে হয়, সেটা আমাদের জানা ছিল না। ফলে করমজলেই আসতে হলো। কিন্তু এখানে প্রচণ্ড ভিড়। বাথরুমের সংকট। নিরাপত্তাকর্মীর সংখ্যাও অনেক কম।’ এসব সমস্যার সমাধান হলে সুন্দরবনে পর্যটকের আগমন আরও বাড়বে বলে অভিমত বেশ কয়েকজন পর্যটকের।

তবে বন বিভাগ বলছে, ঈদ ঘিরে সুন্দরবনে পর্যটকদের আগমন বাড়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। করমজল পর্যটন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, ‘পর্যটকদের ভিড় সামলাতে বন প্রহরীদের নিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে অবকাঠামো অসুবিধার কথা স্বীকার করে তিনি বলেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানানো হয়েছে।