সুন্দরবনে পর্যটকদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদের দিন থেকে সুন্দরবনের বিভিন্ন স্থানে পর্যটকদের ভিড় দেখা গেছে। বুধবার বিকেল থেকে গতকাল শনিবার পর্যন্ত পর্যটকদের ঢল নেমেছিল সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন এলাকায়।শুক্রবার ও গতকাল শনিবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ি, কলাগাছিয়া ও পশুরতলা এলাকায় পর্যটকদের ব্যাপক উপস্থিতি ছিল। গত দুই দিনে এসব এলাকা ঘুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে মহিলা ও শিশুদের নিয়ে ভ্রমণপিপাসু নানা বয়সী মানুষের আনাগোনা। বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সুন্দরবন ভ্রমণে পর্যটকদের আগ্রহের কোনো কমতি ছিল না। সুন্দরবনে আসা যশোরের সেলিনা মহসীন বলেন, পরিবারের সবার সঙ্গে সুন্দরবন ঘুরে খুব ভালো লাগছে। সুন্দরবনের গভীরে যাওয়ার ইচ্ছা থাকলেও নিরাপত্তার অভাবে যেতে পারেননি। এসবের পরও সুন্দরবনের সৌন্দর্যে তিনি মুগ্ধ। ঢাকার যাত্রাবাড়ী এলাকার কলেজছাত্র সাঈদ ও হূদয় জানান, ঈদের ছুটি কাটাতে সুন্দরবনে এসেছেন তাঁরা। সুন্দরবনে ঢুকেই পরিবেশটা চমৎকার লেগেছে। তবে ঘাটে এসে সময়মতো নৌযান না পাওয়া এবং গাইডের অভাবে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে তাঁদের। প্রথমবারের মতো সুন্দরবন দেখতে আসা খুলনার শেখ ইলিয়াস কবীর, ঢাকার মহিদুল হাসান, শাহিদা আক্তারসহ অনেকেই জানান, কিছু সমস্যা থাকলেও তাঁদের ভ্রমণ বেশ উপভোগ্য হয়েছে। তবে মুন্সিগঞ্জ কিংবা বুড়িগোয়ালিনী স্টেশনের আশপাশে গাড়ি রাখার ব্যবস্থা না থাকায় পর্যটকদের সমস্যায় পড়তে হয়েছে।রাজবাড়ী থেকে আসা আবদুর রহমান জানান, তাঁরা ট্রলারে করে সুন্দরবনে ঘুরে বেড়িয়েছেন। কলাগাছিতে দল বেঁধে হরিণের পানি খাওয়ার দৃশ্য দেখে তাঁরা যারপরনাই খুশি। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি টহল ফাঁড়ির বনপ্রহরী আতিকুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে না থাকলেও অন্যবারের তুলনায় এবার পর্যটকদের উপস্থিতি ছিল বেশি। প্রতিদিন ৩০-৩৫টি ট্রলারে করে পর্যটকেরা সুন্দরবনের কলাগাছি এলাকায় আসছেন। গত কয়েক দিনে পর্যটকদের ভিড়ে মংলা শহরের বিভিন্ন আবাসিক হোটেলে তিল ধারণের ঠাঁই ছিল না। যাঁরা আর্থিক ও নিরাপত্তার কারণে বড় লঞ্চ নিয়ে সুন্দরবনের গহিনে যেতে পারেননি, তাঁরা মংলা থেকে ট্রলার, জালিবোট ও লঞ্চে করে গিয়ে করমজলের দৃশ্য দেখে চোখ জুড়িয়েছেন। করমজল পর্যটনকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার আবদুর রব বলেন, পর্যটকদের ভিড় সামলাতে স্বল্পসংখ্যক বনপ্রহরীকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।