সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চে আগুন
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবারিয়া ফরেস্ট ক্যাম্প এলাকায় গতকাল শুক্রবার পর্যটকবাহী একটি লঞ্চে অগ্নিকাণ্ড ঘটেছে। লঞ্চটি পশুর নদে নোঙর করা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
লঞ্চ পরিচালনাকারী পর্যটন প্রতিষ্ঠান ‘সুন্দরবন হলিডে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী বাবু বলেন, ‘এমভি পেলিক্যান-১ নামের একটি লঞ্চে গতকাল সকালে ২৭ জন পর্যটক ও ৯ জন কর্মচারী খুলনা থেকে এক দিনের ভ্রমণে সুন্দরবনে যান। সন্ধ্যায় তাঁদের ফিরে আসার কথা ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হারবারিয়া ক্যাম্প এলাকায় নোঙর করা অবস্থায় লঞ্চে আগুন লাগে। এ সময় অধিকাংশ পর্যটক বন এলাকায় অবস্থান করছিলেন। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে লঞ্চটির বেশ ক্ষতি হয়েছে বলে শুনেছি। পর্যটকদের রাতে বিকল্প ব্যবস্থায় মোংলায় এনে সেখান থেকে খুলনায় পাঠানো হয়েছে।’
বন বিভাগ সূত্র জানায়, হারবারিয়া ক্যাম্পের বনকর্মীরা লঞ্চের কর্মচারীদের নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে কোস্টগার্ড, নৌ পুলিশ ও নৌবাহিনী এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, তা জানা যায়নি।
মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার মো. রাহাতুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে কোস্টগার্ড, নৌবাহিনী, দমকল, নৌ পুলিশ ও জাহাজের আগুন নেভানোর ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।