সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে শুক্রবার সন্ধ্যায় এম ভি পেলিক্যান-১ নামের একটি পর্যটকবাহী তিনতলা লঞ্চে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

লঞ্চটি সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবারিয়া ফরেস্ট ক্যাম্প এলাকায় পশুর নদীতে নোঙর করা অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় লঞ্চটিতে ২৬ জন পর্যটক ও ৯ জন কর্মচারী ছিলেন। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাঈদুল ইসলাম রাতে মুঠোফোনে জানান, শুক্রবার সকালে বন বিভাগের অনুমতি নিয়ে এমভি পেলিক্যান-১ পর্যটক নিয়ে এক দিনের জন্য সুন্দরবনে ভ্রমণে যায়। সন্ধ্যায় তাদের ফিরে আসার কথা ছিল। লঞ্চে আগুন লাগার খবর পেয়ে তিনি বাগেরহাট থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

লঞ্চ পরিচালনাকারী পর্যটন প্রতিষ্ঠান ‘সুন্দরবন হলিডে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ এর স্বত্বাধিকারী নিজেকে বাবু নামে পরিচয় দিয়ে বলেন, এমভি পেলিক্যান-১ শুক্রবার সকালে ২৭ জন পর্যটক ও নয়জন কর্মচারী নিয়ে খুলনা থেকে এক দিনের ভ্রমণে সুন্দরবনে যায়। সন্ধ্যায় তাদের ফিরে আসার কথা ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হারবারিয়া ক্যাম্প এলাকায় নোঙর করা অবস্থায় লঞ্চে আগুন লাগে। এ সময় অধিকাংশ পর্যটক হারবারিয়া এলাকায় সুন্দরবনে মাটিতে অবস্থান করছিলেন। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’ আগুন নিভে গেছে দাবি করে তিনি বলেন, পর্যটকদের রাতে বিকল্প ব্যবস্থায় মোংলায় এনে সেখান থেকে খুলনায় পাঠানো হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মো. রাহাতুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে কোস্টগার্ড, নৌবাহিনী, দমকল, নৌপুলিশ ও মোংলা বন্দরের জাহাজের আগুন নেভানোর ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারবারিয়া ক্যাম্পের বনকর্মীরা লঞ্চের কর্মচারীদের নিয়ে ঘটনার পরপর আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও নৌবাহিনী এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।