সুন্দরবনে পর্যটনের বিকাশে সরকারি উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত শ্বাসমূলীয় বন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে আসা দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সুন্দরবনে পর্যটনশিল্পের বিকাশে সরকারি উদ্যোগ, উন্নতমানের সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা ও নিরাপত্তার অভাবে এই শিল্প কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না।বন বিভাগের কর্মকর্তা, ভ্রমণকারী ও ভ্রমণ পরিচালনাকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় চলতি পর্যটন মৌসুমের শুরুর দিকেই সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা অনেক বেশি। কিন্তু কার্যকর সরকারি নীতিমালার অভাবে যে যার মতো যত্রতত্র ভ্রমণ করায় সুন্দরবনের পরিবেশ ও নিস্তব্ধতা ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তার অভাব, অনুন্নত যোগাযোগব্যবস্থা ও সুযোগ-সুবিধার অভাবে ভ্রমণকারীদের অনেক সমস্যা পোহাতে হচ্ছে।সুন্দরবন পশ্চিম বন বিভাগীয় কর্মকর্তা জহির উদ্দন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সুন্দরবনে ঢুকে অনেকেই উচ্চ শব্দে মাইক ব্যবহার করে, বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট করে। আমরা একটা নীতিমালা তৈরির চেষ্টা করছি। সেটা হলে সুন্দরবনে গেলে কী করা যাবে আর কী করা যাবে না, তা উল্লেখ করে ব্যাপক প্রচারের মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলতে পারলে সুন্দরবনও রক্ষা পাবে। আর পর্যটকেরাও ভালো থাকবে।’ ২০১১ সালে বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে প্রতিযোগিতার মধ্য দিয়ে সারা বিশ্বে সুন্দরবন ব্যাপক পরিচিতি পায়। ২০১২ সালে প্রায় দ্বিগুণসংখ্যক ভ্রমণকারী সুন্দরবনে এসেছে। কিন্তু সেখানে আসা-যাওয়ার সরকারি কোনো ব্যবস্থা নেই। বেসরকারিভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশত ছোট-বড় ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানই পর্যটকদের একমাত্র ভরসা। এর মধ্যে সারা বছর ধরে আট থেকে ১০টি বড় প্রতিষ্ঠান একটু বড় লঞ্চে করে ‘তিন দিন দুই রাত’-এর বিশেষ প্যাকেজ ভ্রমণ পরিচালনা করছে। বাংলাদেশিদের জন্য জনপ্রতি আট থেকে সাড়ে ১০ হাজার করে নেওয়া হচ্ছে। তবে প্রতিষ্ঠানভেদে টাকার পরিমাণ কম-বেশি হতে পারে। আর বিদেশিদের জন্য ওই টাকাসহ রাজস্ব বাবদ সাড়ে পাঁচ হাজার টাকা যোগ করে নিচ্ছে।সুন্দরবন সংরক্ষকের কার্যালয় থেকে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে দেশি এক লাখ ৩০ হাজার ৬৩৯ ও বিদেশি দুই হাজার ৬৬ জনের কাছ থেকে সরকার ৭৮ লাখ ৭৫ হাজার ৩৪০ টাকা রাজস্ব আয় করেছে। ২০১১-১২ অর্থবছরে তা প্রায় দ্বিগুণ বেড়ে দেশি পর্যটক হয়েছে দুই লাখ ২৩ হাজার ২২ জন ও বিদেশি পর্যটক হয়েছে চার হাজার ১৬ জন। তাদের কাছ থেকে মোট এক কোটি ১০ লাখ ৬৬ হাজার ৩৩৮ টাকা আয় হয়েছে। খুলনার বেঙ্গল ট্যুরস লিমিটেডের মহাব্যবস্থাপক শাহ জামান খান বলেন, কার্যকর সরকারি নীতিমালা, পর্যাপ্ত নিরাপত্তা, যোগাযোগব্যবস্থার উন্নতি ও বন বিভাগের আরও সহযোগিতা বাড়াতে পারলে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটনের আরও বিকাশ ঘটবে।রূপান্তর ট্যুরিজমের ব্যবস্থাপক নাজমুল আজম বলেন, ‘ট্যুর একটা সেবাধর্মী কাজ হলেও বন বিভাগ শুধু ট্যাক্স নেয়, সেবা দেয় না। এখানে পর্যটন বিভাগের অফিস থাকলে ভ্রমণকারীরা কিছুটা সেবা পেত।’মৌসুমি ভ্রমণ পরিচালক শাহেদ মো. ইমরান বলেন, সরকার বাংলাদেশিদের জন্য রাজস্ব প্রতিদিন ৫০ টাকার পরিবর্তে দেড় শ ও বিদেশিদের ৭০০ টাকার পরিবর্তে এক হাজার ৫০০ টাকা করেছে। এখন সুন্দরবনের অভ্যন্তরে নতুন কিছু পর্যটন স্থান (স্পট) চিহ্নিত করা ও একটু বসার ব্যবস্থাসহ যোগাযোগের উন্নতির জন্য ভালো নৌযান কেনার ঋণ প্রদানের ব্যবস্থা করলে পর্যটনশিল্পের ব্যাপক উন্নতি হবে।সম্প্র্রতি সুন্দরবন ঘুরে আসা সজিব মহলী বলেন, কটকা সমুদ্রসৈকতে কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। তা ছাড়া যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা এবং দুবলার চরে মাছ শুকানোর কারণে গন্ধে সুন্দরবনের পরিবেশ নষ্ট হচ্ছে। খুলনার জসিম নেওয়াজ নামে এক পর্যটক বলেন, বেসরকারি ট্যুর অপারেটরদের লঞ্চের ও খাবারের মান ভালো করা একান্ত জরুরি।সুন্দরবন সংরক্ষক আকবর হোসেন বলেন, ছয় লাখ হেক্টর আয়তনের সুন্দরবনে এক লাখ ৩৯ হাজার হেক্টর অভয়ারণ্য রয়েছে। এটা এমন একটা বন, যা পৃথিবীর সব মানুষের কাছেই একটা আগ্রহ সৃষ্টি করে। এর নীরবতাই অন্যতম সৌন্দর্য। সুন্দরবনের বিভিন্ন দর্শণীয় স্থানে একসঙ্গে কতজন পর্যটক যেতে পারবে তা নির্ধারণে কাজ চলছে। সুন্দরবনকে রক্ষা করেই ভ্রমণ করতে হবে।