সুন্দরবনে পাঁচ জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে অবৈধভাবে মাছ শিকারের সময় কীটনাশকসহ পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ।

গতকাল শনিবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুঁটিয়া ও জয়মণি খাল এলাকায় অভিযান চালিয়ে দুটি ডিঙি নৌকাসহ তাঁদের আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে চার বোতল ফাইটার, দুই বোতল পেসকিন ও এক বোতল রিপকড নামের কীটনাশক উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন জিল্লুর রহমান (২৬), ফিরোজ আহমেদ (৩৫), জাকির জমাদ্দার (৩০), সাইদুল শেখ (৩৫) ও হাওলাদার মোতালেব (৩০)। তাঁদের বাড়ি বাগেরহাটের মংলা ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

এ ঘটনায় চরাপুঁটিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা অশোক কুমার দাস বাদী হয়ে বন আইনে পৃথক দুটি মামলা করেছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. খলিলুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় বন বিভাগের নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় খালে কীটনাশক ছিটিয়ে কয়েক জেলেকে মাছ ধরতে দেখে। পরে সেখানে গিয়ে তাঁদের আটক করে। তারা  জেলেদের নৌকায় তল্লাশি চালিয়ে ভারতীয় সাত বোতল কীটনাশক উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে বন আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।