সুন্দরবনে পাঁচ দিনের ব্যবধানে আবার আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্পের কাছে আবারও আগুন লেগেছে। বন বিভাগ বলছে, আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। মাত্র পাঁচ দিন আগে একই এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছিল।
গতকাল সোমবার সকাল নয়টায় নাংলী ক্যাম্পের আবদুল্লাহর টিলা এলাকায় ওই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুরে ঘটনাস্থলে পৌঁছান। বিকেলে তাঁরা আগুন নেভাতে সক্ষম হন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আগুনে বনের আধা একর স্থান পুড়ে যায়। এই স্থানে নল বন থাকায় তেমন ক্ষতি হয়নি। বন্য প্রাণীরও ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ উদ্ঘাটনে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।